মাদকের প্রবেশ নিয়ন্ত্রণে পিবিআইকে নির্দেশ
সারা দেশে ইয়াবাসহ সব ধরনের মাদকের প্রবেশ নিয়ন্ত্রণে অনুসন্ধান ও ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, বিশেষত সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও বান্দরবান প্রাথমিকভাবে অগ্রাধিকার পাবে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম আলোর এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে পিবিআইকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই সঙ্গে আদালত সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার যাতে সব ধরনের অবৈধ মাদকদ্রব্য পরিবহন, বিপণন ও সেবনের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেন, সে জন্য স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, পরবর্তী আদেশের জন্য আগামী ১ মার্চ দিন রাখা হলো।
‘ইয়াবার গ্রামে কোটিপতি বাসিন্দা’ শিরোনামে প্রথম আলোতে আজ প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আসার পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আদালত বলেন, প্রতিবেদনে এসেছে ইয়াবার নামে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। টেকনাফ থেকে কক্সবাজার আসতে চার বার চেক (তল্লাশি) করা হয়। তারপরেও কি করে আসছে, কারা আনছে ? রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে ওখানকার তদারকি অনেক শক্তিশালী। ওখানে ৭৬ মাইলজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর। তারপরও এমনটি দুঃখজনক। ওখানে এমনটি হলে সারা দেশের চিত্র তো আরও ভয়াবহ।
এরপর আদালতের আদেশে বলা হয়, ‘ইয়াবার গ্রামে কোটিপতি বাসিন্দা’ শীর্ষক প্রতিবেদন ও গণমাধ্যমে আসায় এ ধরনের খবর অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহন, বিপণন ও অবৈধভাবে বাজারজাতকরণ রোধে ব্যর্থ বলে প্রতীয়মান হয়। আজকের (আজ সোমবার প্রথম আলোতে প্রকাশিত) প্রতিবেদন ও তৎসংশ্লিষ্ট প্রতিবেদনে প্রতীয়মান হয়, ইয়াবার চালানগুলোর বিশাল অংশ টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করে। অথচ রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল অংশ টেকনাফ সীমান্তে বিদ্যমান। এ সত্ত্বেও মাদকের এ ধরনের অনুপ্রবেশ কোনোক্রমেই গ্রহযোগ্য নয়। তা ছাড়া আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই প্রতীয়মান হয়।
প্রতিবেদন নজরে আসার পরিপ্রেক্ষিতে রুল দেওয়া হচ্ছে। কেন ইয়াবা ও অন্য সব মাদকদ্রব্য প্রবেশ, পরিবহন ও অবৈধ বাজারজাতকরণ রোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতায় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।