মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপাকে গ্রামবাসী
দিনাজপুরের ফুল-বাড়ীতে মাদক বিক্রির অভিযোগে দুজনকে পুলিশে ধরে দিয়ে যাওয়ায় এখন গ্রামবাসীই বিপদে পড়েছে। ওই দুই ব্যক্তির পরিবারের লোকজন ও তাদের সাঙ্গপাঙ্গরা গ্রামের বাসিন্দাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ যাওয়া গেছে। গ্রামবাসীর সহায়তায় গত রোববার সকালে উপজেলার গৌরীপাড়া কাজিখানা সড়কের মন্টু মিয়া ওরফে চেয়ারম্যান ও শাহিন নামের দুই ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে আটক করেন পৌর কাউন্সিলর মো. আবুল বাশার। পরদিন ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে সাজা দেন। গ্রামবাসীর অভিযোগ, ওই দুই ব্যক্তির সাজা হওয়ার পর তাঁদের সাঙ্গপাঙ্গরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। ওরা গ্রামের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক আজিজুল হক, শাহজাহান আলী ও ব্যবসায়ী হোসেন আলী বলেন, মাদক ব্যবসায়ী পরিবারের লোকজন ও অন্য মাদক ব্যবসায়ীরা বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। রাস্তাঘাটে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। ছেলেমেয়েদের স্কুল-কলেজসহ বাড়ির বাইরে পাঠাতে ভয় হচ্ছে।কাউন্সিলর মো. আবুল বাশার বলেন, কাজিখানা সড়কে অন্তত ১০ জন চিহ্নিত মাদক বিক্রেতা আছে। দুজনকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গ্রামবাসীকে ভয়ভীতি দেখানো হচ্ছে। পুলিশ যেহেতু বিষয়টি গুরুত্ব দিচ্ছে না, সে কারণে স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানের কাছে বিষয়টি অবহিত করা হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, গ্রামবাসীর ভয়ভীতি ও হুমকি প্রদানের বিষয়টি তাঁদের জানা নেই। তবে লিখিতভাবে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।