মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত সোমবার রাতে আবদুল জলিল (৪০) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছেন মাদক ব্যবসায়ীরা। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জলিলকে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনায় জলিলের স্ত্রী সোনাভান বিবি একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবদুল জলিল উপজেলার কাকডাঙ্গা গ্রামের আমজের আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, কাকডাঙ্গা গ্রামের তাহের হোসেন, আবদুস ছালামসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন। সম্প্রতি আবদুল জলিলের ছেলেও মাদকাসক্ত হয়ে পড়েন। এর পর থেকে জলিল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে মাদক ব্যবসায়ী তাহের হোসেন, ছালাম, শহীদুল ইসলামসহ সাত-আটজন লাঠি নিয়ে জলিলের বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বেধড়ক পেটান। ইট দিয়ে থেঁতলে দেয় জলিলের শরীর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জলিলের মৃত্যু হয়।