মাদকের বিরুদ্ধে আদিবাসী নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ ও পার্বতীপুর এবং রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আদিবাসী-অধ্যুষিত গ্রামগুলোতে মাদক ব্যবসা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন আদিবাসী নারীরা।
পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুর গ্রামে ওই চার উপজেলার ১১টি গ্রামের নারীরা চার দিন ধরে মিছিল ও সমাবেশ করছেন। গ্রামের কারিতাস স্কুল প্রাঙ্গণে মাদক নির্মূলে গঠিত সংগঠন আদিবাসী নারী জাগরণ সংঘের আয়োজনে গতকাল মঙ্গলবারও সমাবেশ হয়।
সমাবেশে আসা কয়েকজন নারী জানান, নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ১০টি গ্রাম; পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুটি গ্রাম; বদরগঞ্জ উপজেলার নোয়ানিপাড়া ইউনিয়নের তিনটি গ্রাম ও বড়বালা ইউনিয়নের ছোড়ন বাজারে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক তৈরি ও বেচাকেনা হয়।
পাঁচপুকুর শিশু কেন্দ্রের সহকারী শিক্ষিকা চারুবালা তিগ্যা বলেন, আদিবাসী গ্রামগুলোতে মাদকের ব্যবসা ও ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। এতে আদিবাসীসহ বিভিন্ন ধর্মের মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে মাদকাসক্ত আদিবাসী পুরুষদের দ্বারা নারী নির্যাতনের হার বেড়েছে।
বদরগঞ্জ উপজেলার নোয়ানীপাড়া ইউনিয়নের দিঘ্ঘাপাড়া গ্রামের সুশিলা কুজুর বলেন, মাদকাসক্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়িতে চলে গেছেন।
পাঁচপুকুর গ্রামের তারামনি কেরকেটা, রত্না পান্না; নবাবগঞ্জের গিলাইঝুকি গ্রামের হিরা কেরকেটা জানান, পুরুষেরা কোনো কাজ না করে নারীদের রোজগারের টাকা কেড়ে নিয়ে মাদক সেবন করছেন। সেই সঙ্গে জমিজমাও বিক্রি করছেন।
আদিবাসী নেতা শ্যামল মার্ডি জানান, মাদকের কারণে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অপরাধ প্রবণতা বেড়েছে।
সমাবেশে আসা প্রায় সব নারীই অভিযোগ করেন, এসব মাদকের আখড়া থেকে পুলিশ নিয়মিত বখরা নেয়। তাই পুলিশের কাছে অভিযোগ দিলে উল্টো মাদক ব্যবসায়ীরা পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেয়।
দিনাজপুরের ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তারেক ও সদর সার্কেলের এএসপি সুশান্ত সরকার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।