আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গত রোববার দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সংলাপের মূল প্রতিপাদ্য ছিল ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’। চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত সংলাপে বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সার্বিক কর্মকাণ্ডে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: দিনাজপুর পরমাণু চিকিৎসাকেন্দ্রের পরিচালক বি কে বোস বলেন, ‘সামাজিক আন্দোলনের বাইরে মাদক থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই।’ মুক্ত সংলাপে প্রধান আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনাজপুর বন্ধুসভার সভাপতি এখলাসুর রহমানের সভাপতিত্বে সংলাপে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায়, অধ্যাপক বিধানচন্দ্র হালদার, অধ্যাপক উত্তমকুমার মজুমদার, উলফত-উর রহমান, সফিকুল হক, আবুল কালাম আজাদ, চিত্ত ঘোষ, আহাদ আলী, মো. সফিকুল ইসলাম, আবদুল জলিল, মো. মোস্তাফিজুর রহমান, কাজী জাফর উল্লাহ্ আহমেদ, আবদুর রউফ, আশরাফুল আলম প্রমুখ আলোচনা করেন। চাঁপাইনবাবগঞ্জ: শোভাযাত্রা, মুক্তসংলাপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদ্যাপন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। বৃষ্টি উপেক্ষা করে বিকেল সাড়ে চারটা থেকে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব চত্বরে জড়ো হতে থাকেন বন্ধুসভার সদস্যরা। পাঁচটায় শুরু হয় শোভাযাত্রা। শহরের প্রধান শড়ক প্রদক্ষিণের পর টাউন ক্লাব মিলনায়তনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে মুক্ত সংলাপে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি গোলাম রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, তসলিম উদ্দিন, শফিকুল আলম, মজিবুর রহমান, নইমুল বারী, শাকিলুজ্জামান, গৌরী চন্দ, মনু খাজা, মনিরুজ্জামান, নাহিদুল হক। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধুসভার যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মাদকবিরোধী মুক্ত সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংলাপে বক্তব্য দেন অধ্যাপক ছাদেকুল আরেফিন, অধ্যাপক বিধানচন্দ্র দাস, আশফাক মাহবুব, কুদরাত-ই-খুদা, বন্ধুসভার আসাদ সরকার, প্রীতম দাস, রকিবুল ইসলাম প্রমুখ।