ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা পুলিশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান, আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার, বিজয়নগর থানার ওসি আলী আরশাদ এবং কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।
দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ইতিমধ্যে জেলার মাদক ব্যবসায়ীদের তালিকা করেছে। ওই তালিকায় ৪০ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম রয়েছে। যাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া দুই মাদক ব্যবসায়ীর নামও ওই তালিকায় রয়েছে।