মাদকের বিরুদ্ধে নারীদের যুদ্ধ
আঞ্জুয়ারার স্বামী ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি ছিল ছয় বিঘা জমি। তাই এক ছেলে ও তিন মেয়ে থাকার পরও তাঁদের সংসার ছিল সুখের। সেই সুখের সংসারে হানা দেয় মাদক। স্বামী মাদকাসক্ত হয়ে পড়ায় ব্যবসা ও ছয় বিঘা জমি হারিয়ে নিঃস্ব হয়ে যান তাঁরা।
আঞ্জুয়ারার বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায়। শুধু আঞ্জুয়ারাই নন, মাদকের কারণে ওই মহল্লার সেলিনা খাতুন, মঞ্জিলা বেগম, ফৌজিয়া খাতুন, হাজেরা খাতুনের সংসারে অশান্তি শুরু হয়। কারও স্বামী, কারও ভাই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এ কারণে মাদক ব্যবসার অন্যতম ঘাঁটিতে পরিণত হয় পূর্বপাড়া মহল্লাটি। বিরামপুর ছাড়াও পাশের ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাটসহ দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকার মাদকাসক্তরা এখানে আসতে থাকেন। বাড়তে থাকে নিঃস্ব হওয়ার মিছিল। স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনকে বলে নিস্তার মেলেনি মাদকের থাবা থেকে।
অবশেষে মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ ওই নারীরাই একসময় হয়ে ওঠেন প্রতিবাদী। রুখে দাঁড়ান মাদকের বিরুদ্ধে। ঝাটা দিয়ে পিটিয়ে মাদক ব্যবসায়ী আর মাদকসেবীদের করেন এলাকাছাড়া। গড়ে তোলেন পূর্বপাড়া মাদক প্রতিরোধ কমিটি। এখন ওই মহল্লায় মাদক ব্যবসা চলে না। নেই মাদকসেবীদের আনাগোনা।
আঞ্জুয়ারা বলেন, তাঁদের এ সংগ্রাম খুব সহজ ছিল না। মাদকের বিরুদ্ধে তাঁদের প্রথম যুদ্ধ শুরু হয় ২০০৪ সালে। মাদক প্রতিরোধে সে সময় তাঁরা ১১ জন নারী এবং ১১ জন পুরুষ মাদক প্রতিরোধ কমিটি করেছিলেন। কিন্তু পুরুষেরা কমিটির ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে নেমে পড়েন। ফলে সে সময় তাঁদের সংগ্রাম সফল হয়নি। এরপর কেটে যায় পাঁচটি বছর। ২০০৯ সালের ঘটনা। বিরামপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আক্কাস আলী, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার এবং থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সহযোগিতায় প্রায় ৫০ জন নারী একত্র হয়ে গঠন করেন পূর্বপাড়া মাদক প্রতিরোধ কমিটি। প্রথম দিকে তাঁরা মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা দিতেন। এ কারণে মাদক ব্যবসায়ীরা মাদক প্রতিরোধ কমিটির সদস্যদের ভয়ভীতি দেখাতেন।
কমিটির সদস্য সেলিনা খাতুন জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে শক্তিতে কুলাতে না পারায় মাদক ক্রেতা আর মাদকসেবীদের প্রতিরোধের কৌশল নেন তাঁরা। এরপর মহল্লার শিশু ও যুবকদের হাতে তুলে দেওয়া হয় ঝাটা আর লাঠি। মাদক ক্রেতা আর সেবীরা ওই মহল্লায় এলেই নারী, শিশু ও তরুণেরা ঝাটাপেটা করে তাড়িয়ে দিতে থাকেন।
পৌরসভার সাবেক চেয়ারম্যান আক্কাস আলী জানান, পূর্বপাড়ার নারীরা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন প্রতিবাদের জন্য নারী-পুরুষ নয়, ইচ্ছাশক্তিই বড়। তাঁদের এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে সে সময় শুধু পূর্বপাড়ায় নয়, পুরো বিরামপুরসহ পাশের এলাকায় মাদক প্রতিরোধে সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ।
বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার জানান, সমাজে শান্তিপ্রিয় মানুষের সংখ্যাই বেশি, অপরাধীর সংখ্যা কম। এ সুযোগে অপরাধীরা সমাজটাকে গ্রাস করে নিতে চায়।