মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান পুনর্ব্যক্ত

দেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ইতিমধ্যেই ইয়াবা চোরাচালান প্রতিরোধে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই নদীতে মাছ ধরা নৌকায় করে ইয়াবা পাচার হয়। এ নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ে ‘বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ নেটওয়ার্কের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক ১০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, তাঁর সরকার দেশে মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা হৃদ্রোগ, ডায়াবেটিসের মতো সমস্যা ও মানসিক রোগ নিরাময়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয়, জাতীয় স্বাস্থ্য কাউন্সিলে এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দুটি প্রকল্পের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গৃহীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্প্রসারণের দুটি প্রকল্পের নকশা উপস্থাপন করা হয়েছে। সকালে তাঁর কার্যালয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এ নকশা পেশ করা হয়।
এ দুই প্রকল্প হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও সরকারি কলেজগুলোর বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত শের-ই-বাংলা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং শেখ রাসেল উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জ সদর প্রকল্প।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা নকশা দুটি উপস্থাপন করেন।