মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জে মানববন্ধন ও পথসভা হয়েছে। মাদকাসক্ত পুনর্বাসন নিবাস—পথ এসব কর্মসূচি পালন করে।
বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকার ট্রাফিক পুলিশ কার্যালয়ের পাশে পথসভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা তরুণ ও যুবকেরা অংশ নেন।
পথ-এর পরিচালক মাহামুদুর রহমান খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, পথ-এর উপপরিচালক নাছির উদ্দিন, মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা যুবক তুহিনুর রহমান প্রমুখ।
আজিজুল হক বলেন, মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। শুধু ব্যক্তি নয়, মাদক পুরো পরিবারকেই ধ্বংস করে দেয়। সমাজ থেকে মাদক দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা দুজন যুবক তাঁদের ব্যক্তিজীবনের ভয়াবহতার কথা তুলে ধরেন।