আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মাদকের হিংস্র থাবা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের ওপর ভরসা করলে চলবে না, সবাইকে সচেতন হতে হবে।গতকাল শনিবার ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে আয়োজিত মাদক, নারী-শিশু পাচার ও সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কামরুল ইসলাম এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (অ্যালার্ট) এই আলোচনা সভার আয়োজন করে। আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা সম্পর্কে কামরুল ইসলাম বলেন, অনুসন্ধান করলে দেখা যাবে, এর পেছনেও রয়েছে মাদক। মাদকের ভয়াবহতার কারণে ১২ থেকে ১৬ বছরের কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। এরা খুনি হিসেবেও কাজ করছে।পুলিশের সমন্বয়ক ফনীভূষণ চৌধুরী বলেন, সন্ত্রাসের অন্যতম কারণ রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। আইন প্রয়োগকারী সংস্থার লোকজনসহ রাজনৈতিক ব্যক্তিরা সন্ত্রাসীদের পেছন থেকে সরে দাঁড়ালেই এরা দুর্বল হয়ে পড়বে। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান বলেন, আমিনবাজারসহ সাভারের কয়েকটি এলাকাকে মাদকের স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলো খুবই বিপজ্জনক।অ্যালার্টের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মহিবুল হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন, র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আরিফুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া হক প্রমুখ।