মাদকের বিরুদ্ধে সরকারের নীতি 'জিরো টলারেন্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় পার্টির এ কে মাইদুল ইসলামের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মাদক ইয়াবা পাচার রোধে গত বছরের ২০ অক্টোবর কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয়জন জনবল নিয়ে একটি অস্থায়ী সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ইয়াবার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কক্সবাজার সীমান্তে বিজিবির টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর ফলে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য আটক হয়েছে। টাস্কফোর্স সীমান্তের সন্দেহজনক বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ কারণে মাদকদ্রব্যের অনুপ্রবেশ কমে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের বিভিন্ন তল্লাশিচৌকিতে বিজিবির নেতৃত্বে প্রশিক্ষিত কুকুর দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ড নিয়মিত অভিযানের পাশাপাশি কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে অভিযান পরিচালনা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ফেনসিডিল কারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছে। গত বছরের ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিএসএফের কাছে ফেনসিডিল তৈরির কারখানার তালিকাসংবলিত বুকলেট হস্তান্তর করে সেগুলো ধ্বংস করার অনুরোধ জানানো হয়েছে।