মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মৃত্যুর চেয়েও অনেক যন্ত্রণাদায়ক একজন মাদকাসক্ত মানুষের জীবন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সামাজিক সচেতনতাই মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পরে। একে অন্যকে দোষারোপ না করে সবাইকে নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই খেলার মাঠ নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় না, বিনোদনের মাধ্যম নেই। এ কারণে শিক্ষার্থীরা মাদকের প্রতি ঝুঁকে পড়ে।
আলোচনায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘নিজেরা সচেতন হও, বন্ধুদের সচেতন করো, তোমরা এবং তোমাদের বন্ধুরা যেন কেউ মাদকাসক্ত না হও।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।