মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের নানা অসংগতি ও অন্যায্যতা, অভিভাবকদের ধৈর্যহীনতাসহ নানা কারণে কিশোর ও তরুণেরা মাদকের দিকে ঝুঁকছে। এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন, মাদক নিরাময়কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।

গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় এই অভিমত প্রকাশ করা হয়। মাদকের উৎস বন্ধ এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভিভাবক, পরিবার, নাগরিক সমাজ ও প্রশাসনের অংশগ্রহণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি কথাসাহিত্যিক ও বারডেম হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বলেন, যে অপরাধের যে শাস্তি এবং যে অসুখের যে চিকিৎসা, তা সঠিকভাবে না হলে সেই অপরাধ ও অসুখের ব্যাপকতা বাড়বে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানদের যত বেশি শাসন করবেন, তারা তত বেশি নষ্ট হবে। আর তত বেশি নষ্ট হবে পরিবার ও সমাজ।’

বিশেষ অতিথি মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সমাজ দরকার। সন্তানদের মধ্যে এমন বীজ বপন করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারে এবং অশুভকে না বলতে পারে।

সভায় অন্যদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ ও পরিচালন) শাহাবুদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মনিরুল ইসলাম খান, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম বক্তব্য দেন।