মাদকের বিষে নীল পুরো গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তবর্তী রাজশাহীর চারঘাট উপজেলার গৌড়শহর নতুনপাড়া গ্রাম। এ গ্রামের অনেক বাসিন্দাই মাদক ব্যবসার পাশাপাশি মাদক গ্রহণও করেন। মাদকের ছোবলে দুই বছরে গ্রামটির পাঁচ ব্যক্তি মারা গেছেন। অনেকেই অসুস্থ। ওই গ্রামের ষাটোর্ধ্ব সালেহা খাতুনের এক ছেলে মাদকাসক্ত হয়ে বছর খানেক আগে মারা যান। নেশায় আসক্ত আরেক ছেলে অসুস্থ। তাঁকে আট মাস আগে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, এ গ্রামের খুব কম পরিবারই আছে, যে পরিবারের একজনও মাদকাসক্ত নেই। এ নিয়ে প্রতিটি পরিবারে চলছে চরম অশান্তি। আসক্তদের স্ত্রীরা সংসার ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এই গ্রামের মানুষের মনে শান্তি নেই। যে দু-একটি পরিবারের ছেলেরা এখনো ভালো আছে, তাদের বাবা-মাও ভীষণ উৎকণ্ঠায় আছেন। এই গ্রামে মাদকাসক্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনাটি ঘটে দুই বছর আগে। যিনি মারা যান তাঁর নাম আবদুর রশিদ (৩০)। রশিদের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তাঁর ভাই বাবার সঙ্গে সবজির ব্যবসা করতেন। ভাইয়ের একমাত্র ছেলে শ্রাবণের বয়স তখন চার বছর। সুখের সংসার। এরই মধ্যে ভাই কী করে হেরোইনে আসক্ত হয়ে পড়লেন। এ নিয়ে পরিবারে অশান্তি। অধৈর্য হয়ে ভাবি ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। আর ভাই একদিন বিষপানে আত্মহত্যা করলেন। রশিদের শাশুড়ি শাহজাদী (৫০) বলেন, ‘হেরোইন আমার মেয়ের সুখের সংসার ভেঙে দিয়েছে। আমার নিজের সংসার নিয়ে টানাটানি। মেয়ে-নাতিকে এখন কোথায় রাখি?’ গতকাল শনিবার সালেহা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, বারান্দায় বসে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলের কথা তুলতেই কাঁদতে লাগলেন। জানালেন, তাঁর ছেলে মামুনের বয়স হয়েছিল ৪৫। এক মেয়ের বিয়েও দিয়েছিলেন। সঙ্গ দোষে হেরোইন ধরেছিলেন। শেষ পর্যন্ত বছর দুই আগে মারাই গেলেন। ছেলের বউ সন্তানদের নিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠলেন। ছোট ছেলে সুমনেরও (৩০) একই দশা, জানালেন বৃদ্ধা। তাঁর নয় বছর বয়সী একটি মেয়ে আছে। অবস্থা দেখে বউ মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। সালেহা বলেন, ‘ছেলেকে বাঁচানোর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত পুলিশে ধরিয়ে দিয়েছি।’ স্থানীয়রা জানান, এমন অবস্থা হয়ে গ্রামের দেলশাদের ছেলে মামুন (৩২) ছয়-সাত মাস আগে মারা যান। তবিবুর রহমানের ছেলে মতিউর রহমানকে জেলে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন। গত এক বছরের মধ্যেই মারা গেছেন আজিজুলের ছেলে শাহীন (৩০)। স্থানীয়রা বলেন, এত মানুষ মারা যাচ্ছে তবু কেউ নেশা ছাড়তে পারছে না। গ্রামে হেরোইন, ফেনসিডিলের বেচাকেনাও বন্ধ হচ্ছে না। এ অবস্থা দেখে মে মাসে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম বজলুর রশীদ একটি উদ্যোগ নেন। তিনি গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের লোকজন এবং মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেন। এতে মাদক ব্যবসায়ীরা এ পেশা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন। গত বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা শপথ নিয়েছিলেন, তাঁদের মধ্যে কোয়েল ছাড়া বাকিরা আগের মতো ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল ইউএনওকে এ অবস্থার কথা জানালে তিনি বলেন, ওই গ্রামে বেশ কয়েকজন মানুষ মাদকাসক্ত হয়ে মারা গেছেন। এ অবস্থায় তাঁরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দিচ্ছেন তাঁরা।