মাদকের বিস্তার রোধে প্রয়োজন সামাজিক সচেতনতা: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শুধু আইনের প্রয়োগ করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সামাজিক অবক্ষয়ের কারণে সমাজে মাদকের ব্যবহার বাড়ছে।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসবের উদ্বোধনী অধিবেশনে শহীদুল হক এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের কুফল তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।
ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই বিতর্ক উৎসবের আয়োজক।
মাদকের ঝুঁকি থেকে তরুণদের দূরে সরিয়ে রাখার ওপর গুরুত্ব দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, তরুণেরাই জাতির ভবিষ্যৎ। তারা ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হবে।
উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরস্পরের মুখোমুখি হয়।
আগামী ২৪ জানুয়ারি উৎসবের সমাপনী হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে।