মাদকের বিস্তারে ক্ষোভ
সুনামগঞ্জের দিরাইয়ে জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। থানা ও পুলিশ ফাঁড়ির আশপাশে একাধিক স্থানে মদ ও জুয়ার আসর বসছে। গতকাল সোমবার ইউএনও’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় এ তথ্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রতিনিধিরা।সভায় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে কারা জুয়ার আসর পরিচালনা করছে, তা সবাই জানে। এর পরও কার শক্তিতে তারা এসব করছে, তা খুঁজে বের করা দরকার। ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া অভিযোগ করেন, শ্যামারচর বাজারে ফাঁড়ি থাকার পরও পুলিশের নাকের ডগায় প্রভাবশালী ব্যক্তিরা দিনে-দুপুরে জুয়ার বোর্ড বসিয়ে সহজ-সরল লোকজনের সর্বস্ব লুটে নিচ্ছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, হাটবাজারে জুয়ার আসর বসিয়ে সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালানো হবে। উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, আবদুস ছালাম, আকিক আহমদ প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ সামছুল হক।