মাদকের ব্যবহার, শ্রমিক অসন্তোষ ও অবরোধের ঘটনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা বলেছেন, নারায়ণগঞ্জে মাদকের ব্যবহার বাড়ছে। এ ছাড়া কাঁচপুর ব্রিজের নিচে অবৈধ বালুর ব্যবসা বন্ধ এবং ঢাকা-সিলেট মহাসড়কে বারবার শ্রমিক অসন্তোষের নামে অবরোধের ঘটনা ঘটছে। এতে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব দুর্ভোগ লাঘবে পুলিশের আরও জোরালো ভূমিকা পালন করা উচিত।বক্তারা বলেন, সড়ক অবরোধপ্রবণতা বন্ধ, ২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে নৃশংস বোমা হামলা মামলার দ্রুত নিষ্পত্তি, বিভিন্ন আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম খুঁজে বের করা এবং বিশ্বকাপ উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাইকারি ফলের বাজারগুলোতে রাতের বেলায় কাঁচা আম এনে রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে সকালে বিক্রি করা হচ্ছে। বিষাক্ত কার্বাইড ও রাসায়নিক দিয়ে এসব ফল পাকানো হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। বহুতল ভবন হেলে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান বক্তারা।গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজদ বিশ্বাস, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দর উপপরিচালক আলমগীর কবির, পৌর কাউন্সিলর আজাহার হোসেন প্রমুখ। তবে সভায় নারায়ণগঞ্জের পাঁচ সাংসদই অনুপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, আকাশ সংস্কৃতির কারণে ইভ টিজিংয়ের ঘটনা বাড়ছে। ইভ টিজিংয়ের নামে ছোট বাচ্চাদের ধরে জেলে পাঠানো হচ্ছে। জেলের ভেতর তারা চোর-ডাকাতের সঙ্গে মিশে আরও খারাপ হচ্ছে। তাদের জেলে না পাঠিয়ে অন্য শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান জানান, শহরের টার্মিনাল এলাকায় বৃষ্টির সময় খেয়া পারাপারে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের (বন্দর) উপপরিচালক আলমগীর কবির বলেন, শীতলক্ষ্যা নদীর কাঁচপুরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা চালিয়ে আসছে।জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, ২২ জুন থেকে বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।