মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার পাঁচ সাংসদের মধ্যে চারজনই অনুপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায়ও উপস্থিত ছিলেন মাত্র দুজন সাংসদ। সভায় সদস্যরা হতাশা প্রকাশ করেন বলেন, সাংসদেরা হচ্ছেন সভার উপদেষ্টা। তাঁরা অনুপস্থিত থাকলে সভার প্রাণ থাকে না। মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সদস্যরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে মাদকের ব্যবহার বাড়ছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, তারাব পৌরসভার মেয়র শফিকুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি মঞ্জুরুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, পিপি আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের নেতা মো. শহীদুল্লাহ প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বোগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিন দিন মাদকের ব্যবহার বাড়ছে। তিনি মাদক নির্মূলে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করার আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, যে মুহূর্তে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি সজাগ, ঠিক সেই মুহূর্তে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠনের বাসভাড়া কমানোর নামে আন্দোলন কাম্য নয়। বিকেএমইএর সহসভাপতি মঞ্জুরুল হক বলেন, নারায়ণগঞ্জ শহরে যত্রতত্র পরিবহন স্ট্যান্ড ও ইজিবাইকের কারণে শহরে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি জেলার সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি জানান। অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, শহরে ইজিবাইকের চলাচলের ব্যাপারে একাধিকবার সিটি করপোরেশনকে বিষয়টি অবহিত করলেও তারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল আইনশৃঙ্খলা কমিটিতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আগামী এপ্রিল মাসের মধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক (সংযোগ) সড়কের দুই কিলোমিটার অংশের সংস্কারকাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে বলে তিনি সভায় অবহিত করেন। সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কার্যক্রম চলছে। সরকারি ভূমি অফিসগুলোর কার্যক্রম মনিটরিং করা হবে।প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার পাঁচ সাংসদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম।