প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেছেন, ‘তোমাদের মধ্যে অনেক প্রতিভাবান আছে, যারা কোনো একদিন এ দেশ পরিচালনা করবে। মাদক যেন তোমাদের এই প্রতিভা নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে।’নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল। বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাসেল অদিত্যের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে আরও বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা, প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি ও সভাপতি আহসান সাদিক। প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে মাদকের বিরুদ্ধে শপথ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।