মাদকের ভয়াল থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার মডেল থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পৌরসভার বেদেপাড়া, পোড়াবাড়ী, কাঞ্চনপুর এবং অমরপুর গ্রাম। থানার খুব কাছে হলেও এসব এলাকা এখন মাদকের বড় বাজার। হাত বাড়ালেই এসব গ্রামে মেলে ইয়াবা-হেরোইনসহ সব ধরনের মাদক।

এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেন। এর আগে গত বুধবার রাতে এলাকাবাসী চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু পুলিশ দুজনকে ছেড়ে দিয়ে অপর দুজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাদকের সহজলভ্যতার কারণে বেদেপাড়াসহ আশপাশের তিনটি গ্রামের প্রায় ৪০ শতাংশ তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়েছে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। এর পরও মাদক ব্যবসায়ীদের ধরতে আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে দু-একজন খুচরা ব্যবসায়ীকে আটক করা হলেও থানায় নিয়ে যাওয়ার পথেই তারা ছাড়া পেয়ে যান। আর বড় ব্যবসায়ীরা সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয় পোড়াবাড়ী সমাজকল্যাণ সংঘের কর্মকর্তারা জানান, গ্রাম তিনটিতে মাদক ব্যবসায়ী রয়েছেন অর্ধশতাধিক। এঁদের মধ্যে আলমগীর হোসেন, রাশেদ, কাবুল, ময়না, আইয়ুব আলী, এমামুল (মুন্সিগঞ্জ), শহীদ, রিপন, জাফর ও জাহাঙ্গীর হোসেন হলেন মূল ব্যবসায়ী। বুধবার রাতে পুলিশ শহীদ ও রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁরা জানান, বেদেপাড়াসহ আশপাশের এলাকা থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার ইয়াবা বড়ি বিক্রি হয়ে থাকে। পাশাপাশি হেরোইন আর ফেনসিডিলও বিক্রি হয়। তবে তা ইয়াবার তুলনায় কম।

পোড়াবাড়ী সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহাম্মেদ বলেন, শুধু এলাকার যুব ও তরুণেরা নয়, বাইরে থেকে প্রতিদিনই পাঁচ শতাধিক মাদকসেবী মাদক কেনার জন্য এখানে আসে। সকাল ১০টার পর থেকেই এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনা শুরু হয়ে যায়। বিকেলের পর তাদের সংখ্যা আরও বেড়ে যায়। মধ্যরাত পর্যন্ত তাদের আনাগোনা থাকে।

রমজান আহাম্মেদ অভিযোগ করে বলেন, পুলিশ মাঝেমধ্যে দু-একজন খুচরা ব্যবসায়ীকে আটক করলেও মূল ব্যবসায়ীদের গ্রেপ্তার করে না।

স্থানীয় মাতবর মাসুদ মিয়া বলেন, মাদকের করাল গ্রাস থেকে এলাকার যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী আন্দোলন শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সার্বিক অবস্থা জানানো হয়েছে। পরে এলাকায় কমিটি গঠন করে বুধবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এরপর রাতে দায়িত্বে থাকা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলমকে বিষয়টি জানানো হয়।

মাসুদ মিয়া অভিযোগ করে বলেন, ‘ওই চারজনকে আটক করার পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এসআই সফিউল আলম নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। আর এই সুযোগে মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের ওপর নানা হুমকি আসতে থাকে। পরে থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহাকে বিষয়টি জানানো হয়। তাঁর নির্দেশে সফিউল এলাকায় আসেন এবং দুজনকে ছেড়ে দিয়ে অপর দুজনকে থানায় নিয়ে যান।’

পুলিশের বিরুদ্ধে করা এলাকাবাসীর ওই অভিযোগ অস্বীকার করে পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বেদেপাড়াসহ আশপাশের এলাকার মাদক ব্যবসার বিষয়টি আমরা জানি। খুব শিগগিরই ওই সব এলাকায় বিশেষ অভিযান চালানো হবে।’

এলাকাবাসীর সঙ্গে এসপির মতবিনিময়: ওই চারটি গ্রামে মাদক ব্যবসা প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে গতকাল শনিবার মতবিনিময় করেছেন ঢাকার পুলিশ সুপার (এসপি)‍ হাবিবুর রহমান। এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের এ ব্যবসা ছেড়ে সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান। সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ মাদক ব্যবসা ছেড়ে সুন্দর জীবনে ফিরে আসতে আগ্রহীদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।