মাদকের ভয়াবহতা তুলে ধরলেন এলাকাবাসী
ঢাকা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলীর উপস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় মাদকের ভয়াবহতা ও থানা-পুলিশের অনিয়মের বিষয়ে কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের ব্যবসায়ী আবদুল মতিন ও পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যাকাণ্ডের তদন্তে এসে এলাকাবাসীর সঙ্গে অতিরিক্ত ডিআইজির মতবিনিময় হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে কথা বলেন।
গতকাল সকাল ১০টায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদারকে নিয়ে আবদুল মতিনের বাড়িতে যান। এ সময় মতিনের স্ত্রী নুরতাজ বেগম ও আশপাশের মানুষের সাক্ষ্য নেন মোহাম্মদ আলী। এরপর তিনি পৌরসভার নোয়াইল গ্রামে পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তারের বাড়িতে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা করেন।
এ সময় এলাকাবাসী বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে মাদকের পাইকারি হাট বসছে। পুলিশ নিরীহ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে গ্রেপ্তার ও মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ আদায় করছে। এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। নিহত ব্যবসায়ী আবদুল মতিনের পরিবারের সদস্যরা ক্ষুদ্র ব্যবসায়ী। এ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। আবদুল মতিন নিহত হওয়ার পর পুলিশ তাঁকে মাদক বিক্রেতা বানানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশের ভয়ে চারটি গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন।
রাইজদিয়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে মাদকের হাট বসছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে না।
এলাকার বিভিন্ন মানুষের বক্তব্য শোনার পর মোহাম্মদ আলী বলেন, ‘এ এলাকার মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষের বক্তব্য থেকে অবগত হলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশের সহযোগিতা নিয়ে এলাকার মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি করতে হবে।
মোহাম্মদ আলী বলেন, পুলিশ কনস্টেবল আরিফুর রহমান হত্যা মামলায় নিরপরাধ কাউকে যাতে হয়রানি না করা হয়, সে জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দুটি হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।