সাংবাদিক রিমন রহমানকে মাদকের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে—এমন অভিযোগ এনে গতকাল রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারাগারে আটক ছেলের মুক্তি দাবি করেছেন রিমন রহমানের মা রওশন আরা।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ছেলের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রিমনের মা।
রিমন রহমান রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার হিসেবে গোদাগাড়ী উপজেলায় কর্মরত আছেন। এ ছাড়া তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। ২ অক্টোবর থেকে বিজিবির দায়ের করা মাদকের মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। ওই মামলায় পলাতক দেখানো হয়েছে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন-এর গোদাগাড়ী প্রতিনিধি সাইফুল ইসলামকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলাম। এতে বলা হয়, গোদাগাড়ী উপজেলা ভারত সীমান্তঘেঁষা হওয়ায় চোরাচালান ও মাদক পাচার এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। রিমন রহমান এলাকার তরুণসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত ব্যবসায়ী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করে আসছিলেন।
সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর গোদাগাড়ীর শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে নিয়ে দৈনিক আমাদের রাজশাহীতে খবর প্রকাশিত হয়। ওই দিনই গোদাগাড়ীর করিডর ও রাজাবাড়ি চেকপোস্টে কোরবানির পশুর ট্রাক থেকে বিজিবির চাঁদা আদায়ের খবর প্রকাশিত হয়।
একই খবর প্রকাশিত হয় দৈনিক সানশাইন-এও। সংবাদ সম্মেলনে বলা হয়, এতে মাদক ব্যবসায়ী ও বিজিবির কতিপয় সদস্য সাংবাদিক রিমন রহমান ও সাইফুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দেন। এর আগেও মাদক চোরাচালান নিয়ে ধারাবাহিক খবর প্রকাশের জের ধরে সংঘবদ্ধ চক্রের টার্গেটে পরিণত হয়েছিলেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে গোদাগাড়ী উপজেলায় বিজিবির কতিপয় সুবিধাভোগী সদস্য ও মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ওই সিন্ডিকেটের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন।
রিমন রহমানের মা রওশন আরা অভিযোগ করেন, খবর প্রকাশের জের ধরেই মাদক ব্যবসায়ীদের যোগসাজশে বিজিবির গোদাগাড়ী সীমান্তফাঁড়ির কয়েকজন সদস্য ১ অক্টোবর রিমন রহমানকে তথ্য দেওয়ার নাম করে গোদাগাড়ীর মাটিকাটা ডিগ্রি কলেজের সামনে ডেকে নিয়ে জোর করে তুলে নিয়ে যান। পরে ৫০ গ্রাম হেরোইন ও ইয়াবার ১৬টি বড়িসহ মামলা দিয়ে তাঁকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করেন। তিনি ছেলের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে রিমনের বাবা আল আমিনও উপস্থিত ছিলেন।