মাদকের মামলায় গ্রাম পুলিশ সদস্য কারাগারে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইয়াবা বড়ি দিয়ে একজনকে ফাঁসানোর অভিযোগে গ্রেপ্তার গ্রাম পুলিশ মো. ইয়াছিন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে মাদক মামলায় গতকাল শনিবার আদালতে তোলে পুলিশ।
নান্দাইল মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাটশিরা গ্রামের বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া ইয়াবার ব্যবসা করেন মর্মে পুলিশকে তথ্য দেন গ্রাম পুলিশের সদস্য ইয়াছিন মিয়া (২৮)। ওই তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গত বৃহস্পতিবার গভীর রাতে একদল পুলিশ নিয়ে ইব্রাহীমের বাড়িতে অভিযান চালান। তাঁর ঘরে তল্লাশিকালে ইয়াছিন নিজের পকেট থেকে কয়েকটি ইয়াবা বড়ি বের করে ঘরের মধ্যে ছুড়ে মারেন। ঘটনাটি দেখে ফেলেন পুলিশের একজন সদস্য। তিনি বিষয়টি ওসিকে জানালে ইয়াছিনকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি আতাউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ইয়াছিন পুলিশের কাছে স্বীকার করেন যে তিনি উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২০০ টাকা দিয়ে ২০টি ইয়াবা বড়ি কিনেছিলেন। পূর্বশত্রুতার জের ধরে ইব্রাহীমকে ফাঁসানোর জন্যই বড়িগুলো কিনেছিলেন তিনি। এ ঘটনায় নান্দাইল থানার এএসআই মো. শাফায়াত হোসেন মাদক আইনে ইয়াছিনের বিরুদ্ধে মামলা করেন।