মাদকের মামলায় চারজনের তিন বছর করে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের মামলায় চারজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন নুর হোসেন, আনোয়ার হোসেন, মো. সেলিম ও মো. শহীদ। আজ বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা এ রায় দেন। আসামিদের মধ্যে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর বাকি তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারোগারহাট এলাকায় বেচাকেনার সময় ২০০ লিটার মদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তদন্ত শেষে ৩০ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।