মাদকের সন্ধানে অভিযান, মিলল সুড়ঙ্গ
রাজশাহী নগরের শেখের চক এলাকার একটি বাড়িতে আজ বুধবার দুপুরে মাদকের সন্ধানে অভিযান চালিয়েছে পুলিশ। মাদকের সন্ধান না পেলেও ঘরের মেঝেতে সুড়ঙ্গের সন্ধান মিলেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়ির মালিকের নাম জিল্লুর রহমান। তাঁর দুই ছেলে ওই বাড়িতে মাদকের আসর বসাতেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জিল্লুর রহমানের দুই ছেলে সালাউদ্দিন ডলার ও রাশেদ এবং নগরের সাধুর মোড় এলাকার আরিফুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার প্রথম আলোকে জানান, বাড়িটি তিন কক্ষের। এর মধ্যে দুটি কক্ষে ও বাথরুমে মোট তিনটি সুড়ঙ্গ পাওয়া গেছে। টাইলস বিছানো মেঝের নিচে ড্রাম দিয়ে সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে। টাইলস তুললেই সুড়ঙ্গের মুখ পাওয়া যায়। সুড়ঙ্গগুলো এমন নিখুঁতভাবে বানানো হয়েছে যে বাইরে থেকে দেখে কেউ টেরই পাবে না।
এসআই আবুল বাশার আরও জানান, সুড়ঙ্গগুলোর ভেতর থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। ওই বাড়ির পাশে পদ্মা নদীর তীর ঘেঁষে তাঁদের একটি ক্লাবঘর আছে। সেখানেও অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি। তবে ক্লাব থেকে তিনটি বিদেশি কুকুর পাওয়া গেছে। তিনি বলেন, ‘আটক হওয়া ব্যক্তিরা শেখের চক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা খুবই ধুরন্ধর। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মাদকের ব্যাপারে সন্ধান চালানো হচ্ছে।’