প্রথম আলোর পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
মাদকের হাত থেকে বাঁচতে শাস্তির মাত্রা বাড়াতে হবে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদকের হাত থেকে বাঁচতে প্রয়োজনে কঠোর আইন করতে হবে। অপরাধীদের শাস্তির মাত্রা বাড়াতে হবে। জরুরি ভিত্তিতে সবার মধ্যে সামাজিক চেতনাও জাগ্রত করতে হবে।
আজ বুধবার বিকেলে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদকসেবীদের মাদককে শুধু ‘না’ করতে বললেই হবে না, তাদের সামনে বিকল্প হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ, সংস্কৃতিচর্চার ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং অন্যান্য অতিথিরা পুরস্কার পাওয়া সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণীর আগে নিজের নির্বাচনী এলাকায় মাদকের বিস্তার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তাড়া করে। কিন্তু স্থায়ী ব্যবস্থা নিতে পারে না। আদালত থেকে তারা ছাড়া পেয়ে যায়। এদেরকে থানায় এক রাত রাখাও কষ্টকর। মাদক না পেলে তারা হিংস্র হয়ে ওঠে। তখন তাদের সামলানোর জন্য পুলিশ নিজের পয়সা খরচ করে মাদক কিনে শান্ত রাখার চেষ্টা করে। এ সময় তিনি খানিকটা আক্ষেপ করেই বলেন, ‘শুনেছি, জেলখানায় যার টাকা আছে তার জন্য মাদকের ব্যবস্থাও আছে।’
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম মাদক, অ্যাসিডসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রথম আলোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘মাদকের পেছনে কোনো টাকা খরচ করতে না হলে নিজেদের টাকা দিয়েই পদ্মা ব্রিজ করা সম্ভব।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, মাদক নিয়ে গণমাধ্যমে কিছু বলতে গেলেই তার উল্টা ফল পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, নতুন মাদকদ্রব্যের নাম ইত্যাদি নিয়ে বলতে গেলে অনেকেই নতুন করে তথ্য জেনে যাচ্ছে। তাই মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকর্মীদের সচেতনতা জরুরি।
যাঁরা পুরস্কার পেলেন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ছয়জন পুরস্কার পেয়েছেন। চতুর্থ বারের মতো আয়োজিত এবার প্রতিযোগিতায় সংবাদপত্র শাখায় প্রথম হয়েছেন দৈনিক যুগান্তর-এর সহসম্পাদক রীতা ভৌমিক। দ্বিতীয় হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন। তৃতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক মোরশেদা ইয়াসমিন।
ইলেকট্রনিক মাধ্যমে প্রথম হয়েছেন মাছরাঙার নিজস্ব প্রতিবেদক ওবায়দুল কবির। দ্বিতীয় হয়েছেন এসএ টিভির নিজস্ব প্রতিবেদক আহাদ হোসেন এবং বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এ বি এম রফিকুল ইসলাম তৃতীয় হয়েছেন।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী ৫০ হাজার, দ্বিতীয় ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ১৫ হাজার টাকার চেক পেয়েছেন। এছাড়া পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে সনদ এবং একটি করে মেডেল পেয়েছেন। গত বছরের জুন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এবার প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া থেকে ৩০টি এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে মোট ১০টি প্রতিবেদন জমা পড়ে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এবং বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী।
অনুষ্ঠানে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল এবং ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বক্তব্য দেন। এছাড়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা গায়ক বিপ্লব, মনোরোগ চিকিত্সক আহমেদ হেলাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিত্সক মেখলা সরকার এবং ফারজানা রহমান, প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।