মাদকের হাতেখড়ি সিগারেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ১৮ জানুয়ারি বিকেল চারটায় পরামর্শ সহায়তা-৪৬-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আয়োজনে মাদকাসক্ত রোগীরা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্তি নিরাময়ের জন্য তাঁদেরবিভিন্ন পরামর্শ দেন। পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো

মাদক পরামর্শ সহায়তা দিচ্ছেন (বাঁ থেকে) জোবায়ের মিয়া, অভ্রদাশ ভৌমিক, তাজুল ইসলাম, ইকবাল মাসুদ, আহমেদ হেলাল ও ফারজানা রহমান
মাদক পরামর্শ সহায়তা দিচ্ছেন (বাঁ থেকে) জোবায়ের মিয়া, অভ্রদাশ ভৌমিক, তাজুল ইসলাম, ইকবাল মাসুদ, আহমেদ হেলাল ও ফারজানা রহমান


মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ অনুষ্ঠান করছি। আজ ৪৬তম আসর। অনেক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। অনুষ্ঠানের শুরুর দিকে অনেকে মাদকাসক্ত ছিলেন। তাঁদের কেউ কেউ ভালো হয়ে আবার অনুষ্ঠানে এসেছেন। অনেকে প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কখনো মাদক গ্রহণ করবেন না। এসব আমাদের অনুপ্রাণিত করে। এর বাইরেও অসংখ্য মানুষ এ অনুষ্ঠান থেকে উপকৃত হন। এটাও আমাদের আশাবাদী হওয়ার একটা কারণ। আপনাদের প্রশ্ন, আমাদের পরামর্শ সবই প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়। দেশের অনেক ভুক্তভোগী মানুষ এটা পড়ে উপকৃত হন। তাঁদের করণীয় এখান থেকে জানতে পারেন। আপনারা সরাসরি সমস্যার সমাধান জানতে পারেন। আবার পত্রিকা পড়েও অনেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। 

প্রশ্ন: আমার স্বামী ১৫ বছর যাবৎ মাদক নিচ্ছে। ২০০৮ সালে চার মাস চিকিৎসা নিয়েছে। ভালো হয়নি। এখন তার কিছুটা উপলব্ধি হয়েছে। মাদক ছাড়তে চায়। এ বিষয়ে কী করতে পারি?
উত্তর: মাদকাসক্ত রোগীদের সবকিছুতে নেতিবাচক ধারণা থাকে। তারা সহজে চিকিৎসা নিতে চায় না। মনে করে এমনিতেই ভালো হবে। চিকিৎসা করে কোনো লাভ নেই। কিন্তু আপনার জন্য সুখবর হলো, আপনার স্বামী নিজ থেকে ভালো হতে চান। এটি তাঁর ও আপনাদের সবার জন্য ইতিবাচক দিক। কারণ, রোগী নিজ থেকে ভালো হতে চাইলে তিনি শতভাগ সুস্থ হতে পারবেন। তাঁর ভালো হওয়ার ইচ্ছে থাকতে থাকতেই নিরাময় কেন্দ্রে আনুন। চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে। শরীরের অবস্থা ভালো হলে চিকিৎসক ওষুধ দিয়ে বাসায় চিকিৎসার কথা বলবেন। চিকিৎসক যে ওষুধ দেন, পরামর্শ দেন সেগুলো দেড় থেকে দুই বছর সঠিকভাবে পালন করতে হবে। তা না হলে তিনি আগের অবস্থায় ফিরে যাবেন। বাসায় চিকিৎসকের নিয়ম মেনে চলা হচ্ছে বড় চিকিৎসা।
প্রশ্ন: আমার দুই ছেলে মাদকাসক্ত। বন্ধুদের সঙ্গে ইয়াবা খায়। সব সময় মেজাজ গরম থাকে। রাতে ঘুমোয় না। তাদের কীভাবে ভালো করব?
উত্তর: আপনাকে অভিনন্দন। আপনি খুব ধৈর্যশীল মা। দুই সন্তান মাদকাসক্ত হওয়ার পরও আপনি অন্যদের মতো হতাশ না। আমরা অনেককে ভেঙে পড়তে দেখি। তাঁদের চরম হতাশার কথা শুনি। নিজের আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য এটা খুব জরুরি। আপনার দুই সন্তানকে জাতীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন । মাত্র ১০ টাকায় বহির্বিভাগের টিকিট কেটে দেখাতে পারবেন। আপনার সন্তানদের শরীরের কিছু পরীক্ষা করাতে হবে। অবস্থা বেশি খারাপ হলে ভর্তির ব্যবস্থা করতে হবে। আপনার সন্তানরা মেজাজ খারাপ করে। তাদের ঠিকমতো ঘুম হয় না বা তারা নিয়মিত ঘুমোয় না। যারা খুব বেশি মাদকের ওপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এমন হতে পারে। মনে হয় আপনার সন্তানদের কিছুদিনের জন্য ভর্তি করতে হতে পারে। ভর্তি করতে না হলে আমরা ওষুধ দেব। নিয়মিত ওষুধ খেলে এবং দেড় দুই বছর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ থাকলে ঠিক হয়ে যাবে। নিজের ওপর নিয়ন্ত্রণ আনা, নিয়ন্ত্রিত জীবন-যাপন করা মাদকাসক্ত রোগীদের জন্য প্রধান কাজ।
প্রশ্ন: আমার বন্ধুরা শুরুতে সবাই ভালো ছিল। তারপর দুই-একজন ধূমপান শুরু করল। এখন সবাই ধূমপান করে। তারা ধূমপানের ক্ষেত্রে যুক্তি বের করেছে। তাদের ধারণা, ধূমপান করলে গলা ঠিক থাকে, ঠান্ডা কমে যায় ইত্যাদি। তাদের যুক্তি কি সঠিক? কীভাবে এদের ধূমপান থেকে ফিরিয়ে আনতে পারি?
উত্তর: আপনার প্রতি রইল আমাদের শুভ কামনা। কারণ, আপনি তরুণদের প্রতিনিধি। নিজে ধূমপান করেন না। আরও অনেকেই আছে যারা ধূমপান করে না। যেসব তরুণেরা ধূমপান করে না তাদের মধ্যে আপনি আলাদা। কারণ আপনি বন্ধুদের জন্য উদ্বিগ্ন। বন্ধুদের ধূমপানমুক্ত রাখতে চান। আপনার বন্ধুদের ধারণা অবশ্যই ভ্রান্ত। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ তাদের এভাবে বুঝিয়েছে। সমাজে অসংখ্য খারাপ মানুষ আছে। তাদের প্রত্যেকের এক এক ধরনের স্বার্থ আছে। এরা নিজেদের স্বার্থে এ তরুণদের ব্যবহার করছে। খারাপ মানুষগুলো সমাজটাকে ধ্বংস করতে চায়। সিগারেট একটা ভয়ংকর ক্ষতিকর উপাদান। শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। যারা হোরোইন থেকে শুরু করে বিভিন্ন প্রকার মাদক নিয়েছে। এবং জীবনকে ধ্বংস করেছে। এদের প্রায় প্রত্যেকের শুরুটা হয়েছে ধূমপান দিয়ে। মাদকের হাতেখড়ি সিগারেটে । সিগারেট একটা ভয়ংকর মাদক। এ বিষয়ে আমরা আগেও কোনো কোনো সংখ্যায় লিখেছি। বন্ধু, তরুণ সমাজসহ সবাইকে ধূমপান থেকে বিরত থাকতে হবে।
প্রশ্ন: আমি আগে মাদক গ্রহণ করতাম। এখন ভালো হয়েছি। সন্তানের কথা চিন্তা করে অপরিচিত জায়গায় বাড়ি করতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাদকাসক্তের বিষয়ে জানে এমন একজন আমার পাশে বাড়ি করছে। এতে আমার স্ত্রী বিরক্ত। এখন কী করতে পারি?
উত্তর: মাদক গ্রহণকে অন্য রোগের মত মনে করতে হবে। একে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজব্যবস্থা এমন, এখানে যে কেউ যেকোনো সময় মাদকাসক্ত হতে পারে। মাদকাসক্তের চিকিৎসা রয়েছে। সঠিক নিয়মে চিকিৎসা মেনে চললে মাদকাসক্ত রোগী ভালো হয়। তার প্রমাণ আপনি নিজে। আপনি ভালো হয়েছেন। আমাদের কাছে অনেকে এসে বলেন তাঁরা ভালো হয়েছেন। এটা আমাদের উৎসাহিত করে। আপনার কোনো কিছু লুকানোর দরকার নেই। কেউ কিছু জানার আগে আপনি সবার সঙ্গে মিশে যান।
কথা প্রসঙ্গে আপনি নিজেই আপনার মাদকাসক্তের বিষয়টি বলেন। আপনি ভালো আছেন। এটা আপনার আরও বেশি সাহস ও শক্তির জায়গা। আপনি রোগ থেকে মুক্ত হয়েছেন। এটা পরিবারের লোকজন, সমাজের অন্য যে কেউ জানতে পারে। এতে গর্ব ছাড়া কোনো সংকোচ নেই। আপনি আপনার স্ত্রীকেও বিষয়টি বোঝান। আনন্দ-বিনোদনে অংশগ্রহণ করুন। কোনো প্রকার দ্বিধা রাখবেন না। ভালো কাজের সঙ্গে যুক্ত হোন।
প্রশ্ন: একজন মানুষ চিকিৎসার পর কেন বারবার মাদকাসক্ত হয় ?
উত্তর: একেকটা রোগের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। মাদকাসক্ত রোগের ধরন এমন যে একবার ভালো হলে বারবার মাদক নিতে পারে। আর এটা হয় চিকিৎসার পর ঠিকমতো ওষুধ না খেলে। চিকিৎসকের পরামর্শ না মেনে চললে । কোনো নিরাময়কেন্দ্র থেকে ভালো হওয়ার পর কমপক্ষে দুই বছর নিয়ম মেনে চলতে হয়। নিয়ম না মেনে চললে যেকোনো সময় আবার মাদকাসক্ত হতে পারেন। নিরাময়কেন্দ্র মাদকমুক্ত থাকার জন্য প্রস্তুত করে দেয়। তারা কখনোই ভবিষ্যতে ভালো থাকার নিশ্চয়তা দিতে পারে না। এ জন্য তাকে বাসাবাড়িতে দুই বছর চিকিৎসকের পরামর্শমতো চলতে হয়। এর মধ্যে যেমন থাকে, মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে কখনোই না মেশা। যেসব জায়গায় গেলে মাদকের কথা মনে পড়ে সেখানে না যাওয়া। দুই বছর পর্যন্ত মোবাইল ব্যবহার না করা। কোনো প্রকার টাকাপয়সা কাছে না রাখা। এমনকি মাদকের ছবি না দেখা। যেকোনো ভালো কাজে যুক্ত থাকা। বই পড়া, খেলাধুলা করা, ভালো গান শোনা, ভালো, সিনেমা নাটক দেখা যেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে গল্প করা, তাদের সঙ্গে খেলাধুলা করা, তাদের পড়ানো ইত্যাদি কাজ করা যেতে পারে। নিয়মিত ব্যায়াম করা যায়। এভাবে দুই বছর নিজেকে পরিচালিত করলে সে সম্পূর্ণ মাদকমুক্ত হয়েছেন বলা যায়। অনেকে মনে করে হাসপাতাল থেকে চিকিৎসা মানে সব দায়িত্ব শেষ। এটা একেবারেই সঠিক না।
প্রশ্ন: আমার সন্তান মাদকাসক্ত। তার বাবা জানে না। এখন কীভাবে তাকে ভালো করব?
উত্তর: মাদকের চিকিৎসা একা গোপনে করা সম্ভব না। ঘর থেকে বের হলেই মাদকের ছড়াছড়ি। এখন মাদক খুব সহজলভ্য একটি উপাদান। যে কেউ ইচ্ছে করলেই সহজে মাদক পেতে পারে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেসব ব্যক্তির নাম পত্রিকায় আসে তাতে আমরা আতঙ্কিত। আমরা জানি না ভবিষ্যৎ তরুণ প্রজন্ম কোথায় যাবে। আপনার সন্তান যেকোনোভাবেই হোক মাদকের ফাঁদে পড়েছে। তাকে এখান থেকে বের করতে হবে। এ ক্ষেত্রে পরিবারের সবার সহযোগিতার প্রয়োজন। মাদকাসক্তদের ক্ষেত্রে সবাই মিলে পরামর্শ করতে হয়। তার বাবাসহ পরিবারের দায়িত্বশীল সবাইকে জানান। সবাই একসঙ্গে তার সমস্যাগুলো মমতার সঙ্গে জানতে চান। একজন ভালো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা নিন।
প্রশ্ন: ইদানীং দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিসা গ্রহণ করছে। সিসা কী? এটা নিলে কী ক্ষতি হতে পারে। এ থেকে ফিরে আসার উপায় কী?
উত্তর: ইদানীং ঢাকা শহরের উচ্চবিত্তরা বারে গিয়ে সিসা গ্রহণ করছে। এটা শরীর ও মনের জন্য অত্যধিক ক্ষতিকর। সিসার মধ্যে গাঁজা, বিভিন্ন ধরনের তামাকসহ আরও কিছু উপাদান মিশ্রিত থাকে। এর প্রতিটি উপাদানই শরীরের জন্য ক্ষতিকর। গাঁজা ও তামাকের যেসব ভয়ানক ক্ষতিকর দিক রয়েছে, সিসা গ্রহণ করলেও একই ধরনের ক্ষতি হবে। গাঁজার এমন একটি উপাদান আছে, যা একবার শরীরে ঢুকলে এক বছর মস্তিষ্কে থাকে। এবং বিভিন্নভাবে শরীরকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। সিসায় শরীরের জন্য ক্ষতিকর গাঁজাসহ অনেক উপাদান মিশ্রিত থাকে। তাই কোনো অবস্থাতেই তরুণদের সিসাসহ কোনো প্রকার মাদক গ্রহণ করা উচিত না।
প্রশ্ন: রেগে গেলে অনেকে টেনশন কমানোর জন্য সিগারেট খায়। এটা কি ঠিক?
উত্তর: এমন অদ্ভুত ভ্রান্ত চিন্তাভাবনা কীভাবে মানুষের আসে বুঝি না। প্রতিটি মাদকই শরীরে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে। সিগারেটকে অনেকে মাদক মনে করেন না। কিন্তু সিগারেট একটা বড় ধরনের মাদক। যেকোনো মাদকই শরীরে টেনশন-অস্থিরতা বৃদ্ধি করে। ঘুম, খাওয়া, আচার-আচরণ ইত্যাদির মধ্যে পরিবর্তন আনে। জীবনের স্বাভাবিক গতি-প্রকৃতি বদলে যায়। তাই সিগারেট টেনশন কমায় না, বরং বৃদ্ধি করে। এসব ভিত্তিহীন, ভ্রান্ত, অমূলক ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
প্রশ্ন: রাত জেগে থাকতে হয়। ঘুম হয় না। অনেক রাতে ঘুম হয়, সকালে উঠতে কষ্ট হয়। কী করতে পারি?
উত্তর: সাধারণত যারা নেশা করে, তাদের জীবনের শৃঙ্খলা ভেঙে যায়। আবার
যারা বেশি রাতে ঘুমায় তারা বেলা করে ঘুম থেকে ওঠে। ঘুমের একটি নির্দিষ্ট মাত্রা আছে। এটা কারও কম বা বেশি হতে পারে। সাধারণত রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমানো উচিত। অনেককে ভোরে ঘুম থেকে উঠতে হয়। তাঁরা যদি বেশি রাতে ঘুমোন ও ঘুম পূর্ণ না করে প্রতিদিন ভোরে ওঠেন। তা হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হবে। রাত জেগে কাজ না করে ভোরে ঘুম থেকে উঠে কাজ করা যেতে পারে। কারণ, রাত জাগলে এবং নিয়মিত ঘুম না হলে শরীর খারাপ হয়। রাতে যদি কোনো কারণে ঘুম না হয়। এবং ভোরে ওঠা হয়। তাহলে পরের দিন রাতে ঠিক সময়ে ঘুম আসবে এবং ভালো ঘুম হবে। এভাবে ঘুমের একটা রুটিন তৈরি করতে হবে।
গ্রন্থনা: আশফাকুজ্জামান