মাদকের ১০ টাকা নিয়ে বিরোধে বন্ধুকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ১০ টাকা নিয়ে বিরোধের কারণে চুয়াডাঙ্গায় ওয়ার্কশপ-শ্রমিক মিলন হোসেনকে (২৪) খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নিহত শ্রমিকের বন্ধু শিপলু হোসেন (২২) গত সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান।
পুলিশ ও আদালতের একটি সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ১১টায় সদর থানার পুলিশ শহরের আরামপাড়ার একটি আমবাগান থেকে পৌর কলেজপাড়ার শরীফ মণ্ডলের ছেলে মিলন হোসেনের লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের বড় মসজিদপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে শিপলু হোসেনকে সদর উপজেলার পিরোজখালী গ্রাম থেকে রোববার রাতে আটক করে। মিলন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিপলুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
শিপলু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা দুজন একটি বাইসাইকেলে করে রেলস্টেশন এলাকার একটি দোকান থেকে ২০ টাকার গাঁজা কিনে আরামপাড়ার ওই বাগানে নিয়ে তা সেবন করেন। একপর্যায়ে শিপলু গাঁজার দাম বাবদ মিলনের কাছে ১০ টাকা চাইলে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শিপলুকে লাথি মারেন মিলন। এতে ক্ষুব্ধ হয়ে শিপলু তাঁর হাতে থাকা গাঁজা কাটার ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে মিলন মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ইব্রাহিম শিপলুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।