মাদকের ১৪৪ মামলায় আসামিদের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পরিবেশ আপিল আদালত।
ঢাকার পরিবেশ আপিল আদালত।

ঢাকার একটি আদালত গত দশ মাসে দেড় শটি মামলা নিষ্পত্তি করেছেন। এর মধ্যে মাদক মামলাই ছিল ১৪৫টি। এসব মামলার মধ্যে ১৪৪ টিতে আসামিরা সাজা পেয়েছে।
এসব মামলা নিষ্পত্তি হয়েছে ঢাকার পরিবেশ আপিল আদালতে। ওই আদালতে পরিবেশবিষয়ক মামলার পাশাপাশি অন্য মামলারও বিচার চলে। আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।
আদালত সূত্র নিশ্চিত করেছে, বিচারক মশিউর রহমান চৌধুরী ১৪টি মাদক মামলায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০০৯ সালে ১৯ অক্টোবর রাজধানীর সূত্রাপুর থেকে মোহাম্মদ আলী ও মো. শাহীন নামের দুই ব্যক্তি বিপুল পরিমাণ লুপিজেসিক (মাদক) ইনজেকশনসহ গ্রেপ্তার হন। সেই মামলায় গত ২০ এপ্রিল এই দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে রাষ্ট্রপক্ষ। আদালত ওই দুজনকে যাবজ্জীবন দণ্ড দেন।
সূত্র জানায়, এক শ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সবুজবাগ থানায় করা মামলার দুই আসামি শরীফ মোল্লা ও আবদুল আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায় দেওয়া হয়েছে গত ১১ এপ্রিল। 

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘ক্ষুদ্র মাদক ব্যবসায়ীরা সমাজের প্রভাবশালী ব্যক্তি না হলেও তাদের গডফাদারদের কোনো অবস্থাতে অস্ত্রবাজ সন্ত্রাসীদের চাইতে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। মাদক ব্যবসায়ীদের গডফাদারেরা সমাজের অত্যন্ত পরাক্রমশালী ব্যক্তি। বর্তমান আর্থসামাজিক অবস্থায় তাঁদের ভয়ে স্থানীয় সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেওয়ার সাহস দেখায় না।’
মাদক ইয়াবা ভয়াবহতার কথা তুলে ধরে আদালত রায়ে বলেছেন, ‘এই মুহূর্তে ইয়াবা পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সঙ্গে জড়িত ব্যক্তিদের নিবৃত্ত না করা গেলে বাংলাদেশের অগ্রযাত্রার যে স্বপ্ন আমরা দেখছি তা অঙ্কুরেই বিনষ্ট হবে। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কারওরই উচিত হবে না, এই সর্বগ্রাসী ইয়াবা ব্যবসায়ীদের প্রতি সামান্যতম সহানুভূতি দেখানো। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আদালত মনে করে।’ রায়ে আদালত আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ চক্র। এরা সমগ্র বাংলাদেশে তথা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদের নেটওয়ার্ক এর মধ্যে পরিকল্পিতভাবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার ছাত্র ও যুবসমাজের মধ্যে ইয়াবা সরবরাহ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
জানতে চাইলে পরিবেশ আপিল আদালতের সরকারি কৌঁসুলি এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, তাঁর জানা মতে ঢাকার কোনো আদালত এত অল্প সময়ে এত বেশি মামলা নিষ্পত্তি করেননি।
ওই আদালতের পেশকার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতের কার্যক্রম সকাল নয়টার পর পর শুরু হয়। সন্ধ্যার পরও আদালতের কার্যক্রম চলে।