মাদকের 'আস্তানা' উচ্ছেদে ব্যর্থ হওয়ায় ওসি প্রত্যাহার
সিলেটের দক্ষিণ সুরমায় মাদকের ‘আস্তানা’ উচ্ছেদ না করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ সুরমা থানায় ২৪ মে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে মহানগর পুলিশের কমিশনার ৭২ ঘণ্টার মধ্যে মাদকের আস্তানা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। তা না হলে ওসিকে প্রত্যাহার করা হবে বলে তিনি সতর্ক করেছিলেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ ওসিকে প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মো. মুরসালিনকে দক্ষিণ সুরমা থানায় নিযুক্ত করা হয়েছে বলে রহমত উল্লাহ জানান।
২৪ মে দক্ষিণ সুরমা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্টজনেরা মাদকের ভয়াবহ বিস্তারের বিষয়টি তুলে ধরেন। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্রমে মাদকের বিস্তার ঘটছে বলে তাঁরা সরাসরি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ চান। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মিজানুর রহমান দক্ষিণ সুরমা থানার ওসিকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে মাদকের আস্তানা উচ্ছেদ করবেন, নইলে প্রত্যাহার৷’
পুলিশ সূত্র জানায়, নির্দেশনা পেয়ে ওসি ওই দিন রাতে লোক দেখানো অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে আটক করেন। কিন্তু মাদকের আস্তানা হিসেবে পরিচিত স্থানে কোনো অভিযান চালাননি। এ বিষয়টি জানতে পেরে পুলিশ কমিশনার গতকাল বুধবার সকালে ওসিকে প্রত্যাহারের নির্দেশ কার্যকর করেন।
কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেন রঞ্জন কুমার সামন্ত৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘ওপেন হাউস ডে অনুষ্ঠানের নির্দেশ অনুসারে ওই দিন থেকেই অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদকবিক্রেতাকে আটক করা হয়। মাদকের আস্তানা হিসেবে চিহ্নিত এলাকাগুলো রেলওয়ে পুলিশের অধীন৷ তাই এসব স্থানে সমন্বিত অভিযান চালাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রেলওয়ে থানা-পুলিশের সহযোগিতা চেয়েও চিঠি দেওয়া হয়েছিল।’