মাদকের 'উৎসভূমিতে' কোনো নজরদারি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ির চালান মিয়ানমার থেকে কক্সবাজারে আনার পর এটি সারা দেশে ছড়িয়ে দিতে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখেন ১ হাজার ১৫১ জন নারী-পুরুষ। তাঁরা সবাই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। এই তথ্য কক্সবাজার জেলা পুলিশের। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে ইয়াবা পাচার কমিয়ে আনা সম্ভব বলে পুলিশ কর্মকর্তারাও মনে করেন।

তবে বাস্তবতা হচ্ছে, মাদক ব্যবসায় জড়িত হাজারখানেক মানুষকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের বিশেষ কোনো তৎপরতা নেই। তাঁদের বিরুদ্ধে করা মামলার তদন্ত দ্রুত শেষ করার ক্ষেত্রেও পুলিশের গরজ নেই-এটি কোনো ব্যক্তি বা সংস্থার অভিযোগ নয়। মাদকসংক্রান্ত মামলার তদন্তের এই অবস্থা ফুটে উঠেছে খোদ কক্সবাজার জেলা পুলিশেরই করা এক প্রতিবেদনে। গত ৩ এপ্রিল প্রতিবেদনটি ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।

চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অনাগ্রহের কথা জানিয়ে কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু করার সাত দিন পর কক্সবাজারে এই অভিযান শুরু হয়েছে। এই সুযোগে মাদক ব্যবসায়ীরা নিরাপদে সরে পড়েছে। তিনি বলেন, সবার আগে কাউকে না জানিয়ে কক্সবাজারে অভিযানের প্রয়োজন ছিল। তাঁর দাবি, কৌশলে ইয়াবা ব্যবসার হোতাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নাফ নদী ও সাগরপথে মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান মূলত প্রথম আসে কক্সবাজারের টেকনাফে। এই ইয়াবা সারা দেশে ছড়িয়ে দেওয়া ও অন্য এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কাজটি করেন কক্সবাজারের ৮ উপজেলার ১ হাজার ১৫১ জন নারী-পুরুষ (পাঁচজন মৃত)। তাঁদের বিরুদ্ধে ৪৯৮টি মামলা রয়েছে। এসব মামলায় এখন ৮৬ জন কারাগারে। আর গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন ২২২ জন। পলাতক ৮৪৩ জন। আসামিদের মধ্যে ৭০ শতাংশ পলাতক।

পুলিশের ওই তালিকায় ১৩ রোহিঙ্গার নাম রয়েছে, এর মধ্যে একজন নারী। এ ছাড়া টেকনাফের ২৮ নারীর নাম রয়েছে। তাঁদের মধ্যে সাংসদ আবদুর রহমান বদির বড় বোন ও সাবেক পুলিশ পরিদর্শক আবদুর রহমানের (ওসি রহমান নামে পরিচিত) স্ত্রী শামসুর নাহারের নামও রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, যাঁদের বিরুদ্ধে মাদকের মামলা আছে, তাঁদের তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা এলাকায় নেই, তাঁদের পলাতক হিসেবে দেখানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, টেকনাফ উপজেলা সদরের কেরুনতলি, বরইতলি, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং লেজিরপাড়া, ঝিনাপাড়া, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, কাটাবনিয়া, মুন্ডার ডেইল, বাহারছড়া, সেন্ট মার্টিন, হ্নীলার দমদমিয়া, লেদা, লম্বাবিল, উলুবনিয়াসহ মোট ৩৪টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক পাচার হয়। এসব পয়েন্টের ২৩টি নাফ নদীতে এবং ১১টি বঙ্গোপসাগরে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, এখনো মিয়ানমার থেকে ইয়াবা পাচার হচ্ছে। তবে রোহিঙ্গা সংকটের পর থেকে নাফ নদীর সীমান্তের প্রতিটি চৌকিতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করায় ইয়াবা ধরা পড়ছে।

সরকারপ্রধান থেকে শুরু করে সব কটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) ঘোষণা করলেও ইয়াবা পাচার ঠেকানো প্রায় অসাধ্য হয়ে উঠেছে। সরকারিভাবেই বলা হচ্ছে, দেশে এখন মাদকসেবীর সংখ্যা কমবেশি ৭০ লাখ। এদের অধিকাংশই ইয়াবায় আসক্ত। এ অবস্থায় গত ১৪ মে থেকে শুরু হওয়া দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে ১৩১ জন।

জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দপ্তরের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে শুধু ইয়াবা বড়িই বিক্রি হয় ৪০ কোটির বেশি, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা (প্রতিটি গড়ে ১৫০ টাকা)। হিসাবে করে দেখা গেছে, ইয়াবা বড়ির পেছনে মাদকসেবীরা বছরে যে খরচ করে, তা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বার্ষিক বাজেটের প্রায় দ্বিগুণ। আর পুলিশের বাজেটের প্রায় অর্ধেক।

পুলিশ সূত্রে জানা যায়, কড়াকড়ির কারণে টেকনাফের বিভিন্ন আস্তানায় এখন লুকিয়ে ইয়াবা বিক্রি হচ্ছে। গত ১ মে থেকে ৪ জুন পর্যন্ত শুধু টেকনাফ থেকেই উদ্ধার করা হয়েছে ২৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি। সর্বশেষ ১ জুন নাফ নদীর বরইতলী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে ৪০ হাজার ইয়াবা। তবে কাউকে আটক করা যায়নি।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজারে ইয়াবার পৃষ্ঠপোষকদের মধ্যে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ ৩৪ জন রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রহমানের ছেলে সাহেদুর রহমানও (নিপু) রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। অভিযান শুরু হওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন। গত ২৫ মে কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার কামাল। আক্তার কামালের ছোট ভাই শাহেদ কামালও ইয়াবা ব্যবসায়ী। তিনিও পলাতক।

শীর্ষ মাদক ব্যবসায়ীরা পলাতক
কক্সবাজার জেলা পুলিশের প্রতিবেদনে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে সাংসদ আবদুর রহমান বদির ভাই মৌলভি মুজিবুর রহমানের নাম উল্লেখ রয়েছে। তাঁর নামে দুটি মামলা রয়েছে। বদির আরও দুই ভাই আবদুর শুক্কুর ও আবুল আমিনের বিরুদ্ধেও মাদকের মামলা আছে। ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে আলোচিত টেকনাফের নুরুল হক ভুট্টো। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা আছে। সিআইডি পুলিশ গত বছরের ২৯ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে। তদন্তে তাঁর কোটি কোটি টাকার সম্পদের হদিস পায় পুলিশ। এসব সম্পদ বাজেয়াপ্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে। এই অবস্থায় গত ২৭ এপ্রিল তিনি জামিনে ছাড়া পান। অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি পলাতক।

সিআইডির বিশেষ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাপে মুখে নুরুল হককে আটক রাখা সম্ভব হয়নি। তাঁকে জেল থেকে ছাড়িয়ে রীতিমতো পাহারা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদন অনুসারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদার বিরুদ্ধে মামলা আছে ১১ টি। তাঁর ভাই নুর মোহাম্মদ ২০১৪ সালের ২০ মার্চ বন্দুকযুদ্ধে নিহত হন। তিনি সাংসদ বদির ঘনিষ্ঠজন বলে পরিচিত। গত শুক্রবার নুর মোহাম্মদের ছেলে নুরুল আমিন ফাহিমকে ছয় হাজার ইয়াবা, দুটি অস্ত্রসহ র‍্যাব গ্রেপ্তার করে।

টেকনাফের নাজিরপাড়ার বাসিন্দা ও সদরের ইউপি সদস্য এনামুল হকের বিরুদ্ধে মামলা আছে নয়টি। তিনি জামিনে আছেন। মৌলভীপাড়ায় একরাম হোসেনের বিরুদ্ধে মামলা আছে আটটি। তিনিও জামিনে আছেন।

টেকনাফের আরেক আলোচিত ইয়াবা ব্যবসায়ী শামসুল আলম। ‘বার্মায়া শামসু’ নামে পরিচিত তিনি। তাঁর বিরুদ্ধে মামলা আছে নয়টি। তিনি পলাতক। জামিনে থাকা মাদক মামলার আসামিদের মধ্যে আরও আছেন শামসুল আলম ওরফে মার্কিন, জিয়াউর রহমান, আবদুর রহমান, জোবাইর হোসেন, আবদুল হামিদ, সুলতান আহমদ ওরফে ইয়াবা বাদশা, মো. জালাল, হাম জালাল ও আবদুল হাকিম ওরফে ডাকাত হামিদ। এ ছাড়া মো. ইসমাঈল নামের আরেক ব্যবসায়ী জামিনে গিয়ে এখন পলাতক।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইয়াবার উৎসভূমি কক্সবাজার জেলা হলেও ইয়াবা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ান। তাঁদের সঙ্গে পুলিশের সম্পর্ক রয়েছে, অভিযান শুরু হওয়ার পর তাঁরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের কেউ সীমান্ত পেরিয়ে মিয়ানমারে আবার কেউ মালয়েশিয়ায় চলে গেছেন বলে শোনা যাচ্ছে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, টেকনাফ ও কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আগে থেকে সতর্ক ভূমিকা নিত, তাহলে মাদকের বিস্তার এতটা হতো না। তিনি বলেন, টেকনাফ ইয়াবার উৎসভূমি। সেটা যদি বন্ধ করা না হয়, তাহলে মাদক বন্ধ হবে কী করে?

সরষের মধ্যে ভূত!
এদিকে মাদক মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে কক্সবাজার পুলিশের গাফিলতির বিষয়টি তুলে ধরেছে পুলিশেরই বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি কমিটি। পুলিশ সদর দপ্তরে দেওয়া এক প্রতিবেদনে কমিটি বলেছিল, ‘মাদক প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশ অভিযান চালায়নি। তেমনি এ-সংক্রান্ত মামলার আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করেনি। ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করেননি তদন্তকারীদের কেউই। উল্টো পৃষ্ঠপোষকদের সহায়তা করেছেন। এ ক্ষেত্রে পদস্থ কর্মকর্তারাও কোনো দায়িত্ব পালন করেননি।’

এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে কেউ দায়িত্বে অবহেলা করলে বা মাদকের মতো অপরাধে জড়িত হলে এটি অপরাধ। বাহিনীর কোনো সদস্য মাদকের পৃষ্ঠপোষকদের সহায়তা করলে তাঁকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয়।