মাদরাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটের শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে মৃত কর্মচারীর স্বাক্ষর জাল করে বেতন-ভাতা উত্তোলন, শিক্ষকদের হুমকি-ধমকি প্রদান এবং বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।মাদরাসার সভাপতি বাঙ্গড্ডা ইউপির চেয়ারম্যান মো. এয়াকুব আলী মজুমদার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি চেয়ারম্যান অভিযোগে উল্লেখ করেন, গত বছরের ২১ অক্টোবর মাদরাসার নৈশপ্রহরী আবুল কাশেম মারা যান। কিন্তু মাদরাসার সুপার আবুল খায়ের ওই বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত হাজিরা খাতায় ও বেতন বিলে ওই কর্মচারীর স্বাক্ষর জাল করে বেতন-ভাতা তুলে আত্মসাৎ করেন। অভিযোগে আরও জানা যায়, এ বছর জেলা পরিষদ থেকে মাদরাসার জন্য এক লাখ টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। মাদরাসার সুপার সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া রেজ্যুলেশনের মাধ্যমে প্রকল্প কমিটি গঠন করে বরাদ্দকৃত অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেন। এ ছাড়া ছাত্রীদের টিউশন ফি বাবদ সরকারিভাবে বরাদ্দকৃত টাকাও আত্মসাৎ করেছেন।শিক্ষকেরা জানান, ১৯৯৯ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় সুপারের ভাগনে মীর হোসেনকে পিয়ন হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার এক বছর পর তিনি বিদেশে চলে যান। কিন্তু তাঁর স্বাক্ষর জাল করে সুপার দীর্ঘ দুই বছর বেতন-ভাতা উত্তোলন করেন।মাদরাসার এবতেদায়ি শাখার প্রধান কবির আহম্মদ জানান, একই বছর খালেদা আক্তার নামের এক নারীকে এবতেদায়ি শাখায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০০১ সালে এমপিও কপিতে আয়া হিসেবে তাঁর বেতন-ভাতা আসে। এতে তিনি আপত্তি জানালে তাঁকে বিদায় করে দেন এবং দুই বছরের বেতন-ভাতা সুপার আত্মসাৎ করেন।মাদরাসার সহকারী সুপার শামছুল আলম। তিনি বলেন, সহকারী সুপার পদের কাগজপত্র শিক্ষা অধিদপ্তরে পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে সুপার তিন হাজার টাকা নিয়েছেন। কিন্তু কোনো কাগজপত্র পাঠাননি। ফলে তিনি ওই স্কেলের বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, মাদরাসার শরীরচর্চা শিক্ষক রেহানা আক্তার গত বছরের সেপ্টেম্বর মাসে মাতৃত্বকালীন ছুটিতে যান। নিয়মানুযায়ী তিনি ওই ছুটি পান না। তাই তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে বেতন-ভাতা উত্তোলন করে সুপার নিজেই আত্মসাৎ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আবদুল হান্নান জানান, মাদরাসা সুপারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেছে। ইউএনও মো. সাইদুল আরীফ বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন বোর্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।মাদরাসার সুপার আবুল খায়ের মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা প্রশ্রয় পেয়ে বেশি বেড়ে গেছেন। তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ ছাড়া ইউএনও আমার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, আমিও তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করব।’