মাদার পীরের কাহিনি নিয়ে বিবি কুসুম পালা
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের মঞ্চে ঘুঙুর পায়ে ঝমঝম শব্দ করে হাঁটছেন মাহতাব আলী শেখ। বাড়ি তাঁর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে। পেশায় মাছ ব্যবসায়ী। বয়স ৬০ পেরিয়েছে। তাঁকে ঘিরে আছেন আরও কয়েকজন তরুণ। সবাই ক্ষুদ্র পেশাজীবী। কেউ রিকশাচালক, কেউ দিনমজুর, কেউবা আবার নসিমন চালান। কিন্তু তাঁদের গান, নাচ, দৌড় আর সংলাপ মিলনায়তনে খোল, করতালের বাদন ছাপিয়ে যেভাবে দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছিল, তাতে বোঝাই যায় না যে তাঁরা কেউ পেশাদার শিল্পী নন। গতকাল বুধবার ছিল শিল্পকলা একাডেমীর লোকনাট্য সপ্তাহের পঞ্চম দিন। এদিন রাজশাহীর মাহাতাব আলী শেখের মাদার পীরের গানের দল পরিবেশন করে তাদের জনপ্রিয় পালা ‘বিবি কুসুম’। পালায় অংশগ্রহণকারী শিল্পীরা সবাই অপেশাদার। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা চর্চা করছেন ব্যতিক্রম এ নাট্যরীতি। মূল গায়েন ‘আরে ও সালাম আলেকুম...’ বলে দর্শকদের সালাম জানিয়ে শুরু করেছিলেন বিবি কুসুম পালা। এরপর শুরু হয় খোলের বোলের সঙ্গে ছড়ার ছন্দে বন্দনা। বন্দনা শেষে মাদারের জন্মবৃত্তান্ত। গানে গানেই বয়ান করা হয় তাতে জানা যায়, ফেরেশতাদের তর্ক-বিতর্কের ফল ধরেই মাদারের জন্ম। তবে তাকে মানুষ করেছে মা ফাতেমা। এরপর গানে ও কথায় এগিয়ে যায় বিবি কুসুমের পালা।বাংলাদেশে যেসব লৌকিক মুসলমান পীরের নাট্যধারা প্রচলিত আছে, মাদার পীরের গান এর মধ্যে অন্যতম। মাদার পীরের আখ্যান পরিবেশনের জন্য সবচেয়ে প্রসিদ্ধ এলাকা হচ্ছে রাজশাহী ও নাটোর। নাটোরের প্রচলিত মাদার পীরের গানের প্রখ্যাত গায়ক বাছের উদ্দিন পরামানিক। তাঁরই সুযোগ্য শিষ্য মাহাতাব আলী ৪০ বছর ধরে মাদার পীরের গান পরিবেশন করে আসছেন। গতকাল পরিবেশিত বিভিন্ন চরিত্রে রূপদান করেন মহসিন আলী, আলাউদ্দিন শেখ, মুর্শিদ আলী, জাহাঙ্গীর আলম, পচা শেখ, সেলিম মণ্ডল প্রমুখ।কচি স্মারক পদাতিক নাট্যোত্সবে ‘ধাবমান’পদাতিক নাট্য সংসদ আয়োজিত ‘কচি স্মারক পদাতিক নাট্যোত্সবে’র গতকাল ছিল পঞ্চম দিন। উত্সবে গতকাল প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের জীবনের শেষভাগের রচনা ধাবমান নাটকটি মঞ্চস্থ করা হয়। ঐতিহ্যবাহী বাংলা নাট্যরীতিতে রচিত ধাবমান প্রযোজনা করেছে ঢাকা থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। অনুপম মানবিকতার নাটক ধাবমান। এক মহিষের মানবকল্যাণে নিজের জীবন উত্সর্গ করার কাহিনি। ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুর, সোমেশ্বরী নদী এ আখ্যানের পটভূমি। ‘সোহরাব’ নামের এক মহিষকে নিয়ে নাট্যকাহিনি আবর্তিত। আরও আছে ‘সোহরাব’-এর মা ‘হামেলা’, তাদের প্রতিপালক নহবত আলী, স্ত্রী সুবতী, পঙ্গুপুত্র এসহাক ও বোবা কন্যা এষা। পরিবারের একজন হিসেবে বেড়ে ওঠে মহিষ সোহরাব। সেলিম আল দীন মহাকাব্যিক বিস্তারে রচনা করেছেন এ আখ্যান। হত্যার বিরুদ্ধে মানব বিবেককে নাড়া দেওয়ার নাটক এটি।নির্দেশক ‘কৃত্যনাট্য’ (রিচুয়াল থিয়েটার)-এর আঙ্গিকে মঞ্চে উপস্থাপন করেছেন ধাবমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমূল ইউসুফ, চন্দন চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, এশা ইউসুফ, নাসরিন নাহার, রোজী সিদ্দিকী, আসাদুজ্জামান আমান প্রমুখ। ‘বর্ষার বইমেলা’ শুরু আজদেশের ২৪টি প্রকাশনা সংস্থার উদ্যোগে ‘বইয়ের হাট’-এর আয়োজন করা হয়েছে। এই বইয়ের হাট এখন থেকে প্রতি শুক্রবার চলবে। কাল শুক্রবার বিকেল চারটায় এলিফ্যান্ট রোড, কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বর্ষার বইমেলা’ নামে বইয়ের হাটের উদ্বোধন করবেন পলান সরকার।