মাদার বখ্শ হল থেকে ককটেল ও জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ইসলামী ছাত্রশিবিরনিয়ন্ত্রিত ১৪টি কক্ষ থেকে একটি ককটেলসহ বিপুলসংখ্যক জিহাদি বই, রড, লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের ওই অভিযানের সময় এসব উদ্ধার করা হয়েছে। তল্লাশির পর হল কর্তৃপক্ষ ওই ১৪টি কক্ষ সিলগালা করে দেয়। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের কক্ষ থেকে দুই শতাধিক জিহাদি ও ইসলামি বই, সিডি, পেনড্রাইভসহ ওই হলে অবস্থান করা ছাত্রলীগের ১৫ কর্মীর নাম লেখা তালিকা উদ্ধার করে পুলিশ। জানা গেছে, দুপুর ১২টায় পুলিশ মাদার বখ্শ হলে শিবিরনিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করে। পুলিশ ওই হলের ৩১৫ নম্বর কক্ষ থেকে একটি ককটেল উদ্ধার করে। ওই কক্ষে শিবিরের কর্মী জাফর হোসেন ও মনোয়ার হোসেন থাকতেন বলে জানা গেছে। পুলিশ ওই হলের ১২৩, ১২৮, ১৩৪, ১৫৬, ১৭৪, ২০১, ২০৩, ২২১, ২২২, ২২৩, ২৪০, ২৫৩ ও ৩০৫ নম্বর কক্ষ থেকে শতাধিক জিহাদি ও ইসলামি বই, একটি মুঠোফোন, ২০-২৫টি লাঠি, বেশ কয়েকটি রডসহ ওই হলে অবস্থানরত ছাত্রলীগের ১৮ জন কর্মীর নামের তালিকা উদ্ধার করে। তল্লাশি শেষে ওই ১৪টি কক্ষ সিলগালা করে দেওয়া হয়। তল্লাশি চালানোর সময় শিবিরের কোনো নেতা-কর্মীই হলে বা কক্ষে ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে ছাত্রলীগ। একই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে তারা। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা ঘোষণা করেন।