মাদারগঞ্জ এমবি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এমবি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব গতকাল শুক্রবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসে বিদ্যালয় চত্বরে।
সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় চত্বরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ফজলে রাব্বী মিয়া বক্তৃতা করেন। এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, জাতীয় কর কমিশনের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান প্রমুখ।
ফজলে রাব্বী মিয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যারা ইতিহাস বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
সাংসদ রমেশ চন্দ্র বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এখন ছেলেদের সঙ্গে মেয়েরা পাল্লা দিয়ে পড়ালেখা করছে। বর্তমান সরকারও শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে এসেছে।