মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমানায় উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী যমুনার চর শোনপচায় মাটি কাটা নিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হাইকোর্টের রায়ে সীমানা চিহ্নিত করার কাজ না হতেই মাটি কাটা শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়।এলাকায় গিয়ে জানা যায়, যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কর্ণীবাড়ি ইউনিয়নের শোনপচায় দীর্ঘদিন ধরে লোকজন বসবাস ও চাষাবাদ করে আসছে। পাশেই মাদারগঞ্জ উপজেলার সীমানা। দুই জেলার সীমানায় সর্বত্র সীমানা পিলার স্থাপন করা হলেও বিরোধপূর্ণ এই এলাকার চার-পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো পিলার এখনো স্থাপন করা হয়নি। ২৬ জানুয়ারি মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বালিজুড়ি ইউনিয়নের সুকনগরী মৌজা দাবি করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের জন্য মাটি কাটার কাজ শুরু করা হয়। এতে শোনপচা এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।মাদারগঞ্জ উপজেলার নাদাগারী গ্রামের আবদুর রাজ্জাক, মোজাম্মেল হক, বাচ্চু মণ্ডল জানান, যেখানে কাজ করা হচ্ছে তা মাদারগঞ্জের সুকনগরী মৌজার মধ্যে। কাজেই সেখানে ৩৭০ ও ৫৫০ মেট্রিক টন চাল ব্যয়ে দুটি আশ্রয়ণকেন্দ্র নির্মাণের কাজ করা হচ্ছে। তবে প্রশাসন চাইলে কাজ বন্ধ রাখা হবে। উভয় পক্ষ বসে সীমানা নির্ধারণের পর কাজ করা হবে।কর্ণীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল অভিযোগ করেন, শুক্রবার মাদারগঞ্জের শতাধিক তরুণ সারিয়াকান্দি সীমানায় ঢুকে সেখানে বসবাসরত লোকজনকে হুমকি দেয় ও ভয়ভীতি দেখায়।সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, হাইকোর্টের নির্দেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত ওই স্থানে কোনো কিছু করা যাবে না। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানজিল আহমেদ বলেন, ‘আমি মেলান্দহের নির্বাহী কর্মকর্তা, মাদারগঞ্জের অতিরিক্ত দায়িত্বে রয়েছি। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’