মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) এ টি এম মতিয়র রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি দেখানো হচ্ছে। রোগীর পথ্য সরবরাহকারী ঠিকাদার, রান্নার দায়িত্বে থাকা কর্মচারী ও একজন সেবিকাসহ একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আগস্ট মাসের ১৯ তারিখে রোগী ভর্তি ছিল ১২ জন; দেখানো হয়েছে ৩৫। ২০ তারিখে ছিল তিনজন; দেখানো হয়েছে ৩৬। ২১ তারিখে ছিল চারজন; দেখানো হয়েছে ৩৯ এবং ২২ তারিখে ছিল চারজন; দেখানো হয়েছে ৪৩ জন। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা তাঁর বাসার একটি কক্ষে বসে রোগীদের ব্যবস্থ্যাপত্র দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, স্বাস্থ্য কর্মকর্তা অফিস সময়ে হাসপাতাল চত্বরে তাঁর বাসায় বসে রোগী দেখেন। হাসপাতালের জিনিসপত্র ও ওষুধ ক্রয়ের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে বেশ কয়েকবার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সে অনুযায়ী জিনিসপত্র ও ওষুধ কেনেন না।পৌর এলাকার বালিজুড়ি নামাপাড়া গ্রামের আবদুস সালাম অভিযোগ করে বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা বেশির ভাগ সময় বাসায় রোগী দেখেন। একজন রোগী দেখলেই ১০০ টাকা পান। আমার ভাই ও মাকে ব্যবস্থাপত্র দিয়ে তিনি ২০০ টাকা নিয়েছেন।’ খাবার সরবরাহের দায়িত্বে থাকা সাব-ঠিকাদার মো. আবু সাঈদ বলেন, ‘আমি গত মাস থেকে এই হাসপাতালে খাবার সরবরাহ করছি। আমি এখনো কাউকে চিনে উঠতে পারিনি। খাবারের বিল তোলার পর বলতে পারব কে কে এই চক্রের সঙ্গে জড়িত।’১৯, ২০, ২১ ও ২২ তারিখে দায়িত্বে থাকা সেবিকা মায়া রানী রোগীদের খাবারের তালিকার খাতায় তাঁর নিজের স্বাক্ষরের কথা স্বীকার করে বলেন, ‘রোগী ভর্তির চেয়ে বেশি নামের তালিকা করা হয়নি।’ তবে এ টি এম মতিয়র রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি সরকারি বিধি অনুযায়ী জিনিসপত্র কিনি। আত্মীয়স্বজন ছাড়া কাউকে বাসায় চিকিৎসা দিই না। কেউ মিথ্যা অভিযোগ করলে আমার করার কিছুই নেই।’ ‘খাবারের তালিকা বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আরএমও দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা আবদুল কাদেরকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে বলেন, ‘হাসপাতালের যিনি কর্মকর্তা তিনি বাসায় বসে রোগী দেখতে পারেন না। অফিস সময়ে বাসায় বসে রোগী দেখার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’