মাদারগঞ্জে অবাধে মাদক বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবাধে ফেনসিডিল, হেরোইন, চোলাই মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া যাচ্ছে। এতে মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছেন স্থানীয় তরুণেরা। বাদ যাচ্ছে না স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। নেশার টাকা জোগাড় করতে অনেকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এতে তাদের অভিভাবক ও জনপ্রতিনিধিরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এলাকাবাসীর অনেকে জানান, পৌর এলাকার বালিজুড়ি মহল্লার কয়েকটি মোড়ে, চর পাকেরদহ ও গুনারিতলা ইউনিয়নের কয়েকটি স্থানে অবাধে মাদক কেনাবেচা হচ্ছে। সবচেয়ে বেশি চোলাই মদ কেনাবেচা হয় পৌর এলাকার চাঁদপুরের একটি বাড়িতে। ওই বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা দু-একবার অভিযান চালিয়ে কয়েকজনকে মাদকসহ গ্রেপ্তার করেন। কিন্তু কারাগার থেকে বের হয়েই তাঁরা আবার মাদক কেনাবেচা শুরু করেন।গ্রামের লোকজন আরও জানান, মাদারগঞ্জ সীমান্তবর্তী বগুড়ার সারিয়াকান্দি থানার জামথল নামক এলাকার একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে ফেনসিডিল আনে। হেরোইন আসে হিলি বর্ডার থেকে। আর চোলাই মদ সরবরাহ করা হয় চাঁদপুরসহ কয়েকটি এলাকার বাড়ি থেকে। মাদারগঞ্জের নববচর ও সারিয়াকান্দির আনন্দবাজার থেকে সরবরাহ করা হয় গাঁজা। চাঁদপুরের এক মুদি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে স্থানীয়ভাবে তৈরি মদ বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে ১০০ থেকে ১৫০ জন লোক সেবন করেন। পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে যে হারে মাদক ব্যবসা বেড়েছে, তা এখনি রোধ করা না গেলে এলাকার কিশোর, তরুণের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান বলেন, ‘মাদকের কারণে অনেকেই চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। আমরা জনপ্রতিনিধিরা তাদের কিছু বলতে সাহস পাচ্ছি না।’কাউন্সিলর খালেদ মাসুদ অভিযোগ করে বলেন, পুলিশ মাঝেমধ্যে দু-চারজন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে ধরলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ প্রশাসনের জোর তৎপরতা থাকলে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালানো সম্ভব হতো না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, তাঁদের সন্তানদের নিয়েও তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক আজাদুল ইসলাম বলেন, ‘আমাদের মাদক নিয়ন্ত্রণ অফিসের নিজস্ব কোনো গাড়ি নেই। খবর পেলেও সময়মতো সেখানে পৌঁছা সম্ভব হয় না। এ ছাড়া ভাড়া গাড়ি নিলেও সহজে সরকার থেকে ভাড়ার টাকা পাওয়া যায় না। এর পরও মাঝেমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়।’ মাদারগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোলায়মান বলেন, ‘পাকরুল গ্রামের সাইদুর, খইদর বালিজুড়ি গ্রামের আক্রাম, লেবুসহ প্রায় ২০-৩০ জন ফেনসিডিল, হেরোইন, গাঁজা ব্যবসায়ীসহ মূল হোতাদের সবাইকে দুই থেকে তিনবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কিন্তু কারাগার থেকে ছাড়া পেয়েই তাঁরা আবার মাদক ব্যবসা শুরু করেন। আমাদের কী করার আছে। তবু অভিযান চলছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘আমি এক বছর আট মাস হয় এ থানায় যোগ দিয়েছি। এরপর সারা মাদারগঞ্জে অভিযান চালিয়ে দেড় শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে। আবার থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনেককে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।’