মাদারগঞ্জে আ.লীগ কার্যালয়ে আগুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ বাজারে অবস্থিত গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গত শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে টিনশেড ঘরসহ ঘরের ভেতরে থাকা ১০৫টি প্লাস্টিকের চেয়ার, একটি কাঠের টেবিল, ছয়টি বৈদ্যুতিক পাখা, টেলিভিশনসহ ২৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গতকাল দুপুর দেড়টার দিকে জামালপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ওই দিন দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় মোসলেমাবাদ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সাজু পারভেজ প্রমুখ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আজ রাতে (গতকাল) মামলা করা হবে।