মাদারগঞ্জে কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালটে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বেলা দুইটা। একটি ভোটকক্ষে ব্যালট পেপারের তিনটি বই সামনে নিয়ে বসে আছেন লুঙ্গি পরা এক যুবক। কালি নেই তাই সিল মারতে পারছেন না। রাশেদ নামের ওই যুবক জানান, আনারস প্রতীকে পাঁচটি ভোট দিয়েছেন। এরপর প্যাডের কালি শেষ হয়ে গেছে। তাই আর ভোট দিতে পারছেন না।
গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রের চিত্র এটি। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নিজ নির্বাচনী এলাকায় এই ভোটে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অধিকাংশ কেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরেছেন। ভোট দিতে না দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় ভোটারদের। বের করে দেওয়া হয় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদেরও।
সরেজমিনে এসব তথ্য ও অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোয়ালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সাহেদ আলী উচ্চবিদ্যালয়, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা (ডিগ্রি) কলেজ, চরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোনাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ ১১টি কেন্দ্রে।
এই অবস্থায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখল, জবরদস্তি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফায়েজুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক)। পৌর এলাকার গাবের গ্রামে সংবাদ ব্রিফিংয়ে ফায়েজুল ইসলাম অভিযোগ করেন, ‘মোট ৫১টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ক্ষমতাসীনরা দখল করে নিয়েছে।’
বেলা একটায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফাহ-রাবী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেউ অভিযোগ করলেই হবে না, বাস্তবতা থাকতে হবে।’
আরও কয়েকটি কেন্দ্রের চিত্র: সকাল নয়টার দিকে পৌর এলাকার চাঁদপুর সন্ধ্যাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যেই ব্যালটে সিল মারছেন। জানা গেল ওই ব্যক্তিরা ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক। তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ‘কাজ’ করছেন। ওই কেন্দ্রে মোট ভোট দুই হাজার ৬০৫টি। ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা পর জানা যায়, ৯০০ ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে জানা যায়, মোট ভোট পড়েছে দুই হাজার ৪৮৭টি, এর মধ্যে ওবায়দুর রহমান একাই পেয়েছেন দুই হাজার ৩৬৫ ভোট।
সকাল সাড়ে নয়টায় পৌর এলাকার নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা (ডিগ্রি) কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারীদের একটি ভোটকক্ষে ঢুকে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর আনারস প্রতীকের ব্যাজ পরা এক পুরুষ প্রকাশ্যে ব্যালটে সিল মারছেন। তখন কেন্দ্রের বাইরে একদল নারী ভোট দিতে বাধা পেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে করতে ফেরত যাচ্ছেন। শিখা ও জয়নব নামের দুজন জানান, ভোটকেন্দ্রে যাওয়ার পর তাঁদের চলে যেতে বলেন সরকারি দলের লোকেরা। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি কী করব? এজেন্টরা কেন বাধা দিচ্ছেন না?’
সার্বিক বিষয়ে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সকালের দিকে প্রিসাইডিং কর্মকর্তারা কিছু কেন্দ্রে জোর করে ভোট দেওয়ার প্রবণতার কথা জানালেও ১১টার পর আর কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
ফলাফল: রাত সাড়ে নয়টার দিকে বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ-সমর্থিত ওবায়দুর রহমান এক লাখ ৩২ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী ফায়েজুল ইসলাম পেয়েছেন নয় হাজার ৯৫১ ভোট।