মাদারগঞ্জে চরাঞ্চলে তিন পরিবারের ওপর হামলা ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের দুর্গম চর খিলকাটি গ্রামে গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনটি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই গ্রামের ফিরোজ মণ্ডলের নেতৃত্বে শতাধিক লাঠিয়াল এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ও মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবিলম্বে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। গতকাল বিকেলেই কবির ও দুলাল নামের দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, খিলকাটি গ্রামের সাইরউদ্দিন, সায়েফ উদ্দিন ও লাল মিয়ার বাড়ির ভিটার জমি নিয়ে একই এলাকার ফিরোজ মণ্ডল, মজনু মণ্ডল, জহু মণ্ডলসহ ১৫ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। গতকাল বেলা ১১টার দিকে ফিরোজ মণ্ডলের নেতৃত্বে শতাধিক লোক লাঠি, ফালা, বল্লম, টেঁটা, রামদা দিয়ে ওই পরিবারগুলোর ওপর হামলা চালায়। হামলায় ওই তিনটি পরিবারের ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাইরউদ্দিন ও লাল মিয়া গুরুতর আহত হন। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, তাঁদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।