জামালপুরের মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তাকে মারধর এবং সরকারি দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার থেকে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছেন। এতে দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা রোগীরা।মারধরের শিকার চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গতকাল মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ থানায় মামলা করেছেন, তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।চিকিৎসক ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হাওয়াই রোডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায় ও উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিউর রহমানকে নিয়ে হাঁটছিলেন চিকিৎসক জাহাঙ্গীর। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানসহ কয়েকজন নেতা-কর্মী এসেই জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁরা জাহাঙ্গীরের সঙ্গে থাকা মুঠোফোনের দুটি সেট ও মানিব্যাগ ছিনিয়ে নেন। সরকারি কর্মকর্তা অনিরুদ্ধ ও ওলিউর বাধা দিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের লাঞ্ছিত করেন। পরে নেতা-কর্মীরা চলে যান।