মাদারগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ি গ্রামের এক দিনমজুরকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার দিনমজুর বর্তমানে জামালপুর ইসলামিক চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার চিকিৎসকের ৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ওই চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় কর্তব্যরত মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসে মীমাংসার আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে। অভিযুক্ত চিকিৎসক আবদুল আল মাহমুদ রোগীকে শারীরিক নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে ওই রোগী খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। যে কারণে আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’ চিকিৎসা নিতে আসা দিনমজুর আবদুল সবুর স্থানীয় সাংবাদিকদের জানান, ‘আমি শুধু ডাক্তারকে বলেছি, আপনারা ওষুধ বিক্রি করে দিয়ে আমাদের বাইরে থেকে ওষুধ কিনতে বলেন। এর বেশি কিছু বলিনি। এতেই ডাক্তার ক্ষিপ্ত হয়ে তাঁর কক্ষের ভেতরে আমাকে মারতে থাকেন।’ চিকিৎসা নিতে আসা আশরাফ আলী জানান, ওই চিকিৎসক প্রায়ই রোগীদের গালাগাল করেন। মাদারগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল চিকিৎসকের হাতে রোগীর শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একজন চিকিৎসকের এ রকম ঘটনা ঘটানো উচিত হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ‘রোগীকে মারধরের বিষয়টি মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল আমাকে জানিয়েছেন। তখন আমি জামালপুর সিভিল সার্জন অফিসে মিটিংয়ে ছিলাম। এ ব্যাপারে আমার অফিস থেকে কেউ জানায়নি। তবে রোগীকে মারধরের ঘটনার সত্যতা পেলে ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’