মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর
জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
মামলার বাদী হাতেম আলী বলেন, ‘এক খণ্ড জমি নিয়ে আমার ভাই আহসানের সঙ্গে প্রতিবেশী আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে আতিকুর রহমান শতাধিক লোক নিয়ে আহসানের (৭০) বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে মারধর করে। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে সব মালামাল নিয়ে যায়।’
মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চরনাংলা (আটাত্তুর চর) গ্রামের আতিকুর রহমানের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতকাল সকালে আহসানের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ওই পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা ছয় লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, সাতটি গরুসহ তিনটি ঘরের সব মালামাল লুট করে নিয়ে যায়।