মাদারগঞ্জে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ক্ষতি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত রোববার সন্ধ্যায় শিলাবৃষ্টি ও ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ হাজার বিঘা জমির ফসল। ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, ঝড়ে জোড়খালি ইউনিয়নে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়েছে। জোড়খালি কলাদহ গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসফিকুর রহমান বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া সম্ভব হবে না। বিধ্বস্ত হওয়া বিদ্যালয় সরকারিভাবে মেরামতের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছেন। উপজেলার জোড়খালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও আদরভিটা ইউপির চেয়ারম্যান মো. আলতাফুর রহমান জানান, ঝড়ে তাঁদের ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাত শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া দুই শতাধিক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদারগঞ্জ-সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, সরিষাবাড়ী থেকে মাদারগঞ্জ পর্যন্ত ১১ হাজার কেভির লাইনে পাঁচটি খুঁটি ভেঙে গেছে। কাজেই হয়তোবা আজ (গতকাল) রাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।