মাদারগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়গঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও ১৫টি দোকান ভাঙচুর করা হয়।  

আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার লোটাবর গ্রামের চান মিয়া-১ (৫৫), বাদল (২৮), জুয়েল (২৮), জলিল (৪৫), খলিল (৪৩), জিয়াউল হক (৫৫), মন্টু মিয়া (৬০), সরোয়ার (২৮) ও চান মিয়া-২ (৪৫) এবং চরভাটিয়ান গ্রামের মিনাহাজ (২৪), লাল মিয়া (৩৫) ও আবু বক্করকে (৪৫) গুরুতর অবস্থায় জামালপুর সদর হাসপাতাল এবং সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে লোটাবর ও চরভাটিয়ান গ্রামের কিশোরদের মধ্যে গত রোববার বিকেলে সংঘর্ষ হয়। ওই বিরোধ মীমাংসার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম ও সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের  নেতৃত্বে গতকাল সকালে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে সকাল সাড়ে নয়টার দিকে উভয় পক্ষের কয়েক হাজার লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন একটি মোটরসাইকেল ও রায়গঞ্জ বাজারের ১৫টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি রাবার বুলেট ও তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বেলা সাড়ে ১১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।