মাদারগঞ্জে দুর্গন্ধযুক্ত ভিজিএফের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা ভিজিএফের চাল খাওয়ার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। রোজা রেখে অন্তত দুমুঠো ভাত খাওয়ার আশায় এই চাল তুলে হতাশ হয়ে পড়েছেন ভিজিএফ কার্ডধারীরা। উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, ভিজিএফের চাল নিতে আসা দুস্থ নারী ও পুরুষের ভিড়। এ সময় যাঁরা চাল তুলেছেন, তাঁরা সবাই তা খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ করেন। কার্ডধারী ফরিদা বলেন, ‘এবার আমাগো যে চাউল দিছে, হেডা খাওনের মতো না। নাকে নেয়ন যায় না। উজা থাইকে (রোজা থেকে) এই চাউল খাওন সম্ভব না।’ সুরাইয়া বেওয়া (৬৭) বলেন, ‘আমরা হগলে গরিব বলে হেতারা হেলা করে। বালা চাইল দেয় না। হগল বছর আমাগো পুরানা চাইল দেয়। কালা গুন্দুআলা। খায়নের মতো না।’ জহুরা বেগম বলেন, ‘রোজা থাইকা কত কষ্ট কইরা আইলাম চাইল নেবার নাইগে, দেহি হে খাওয়নের মতোই না।’ খোঁজ নিয়ে জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের জন্য এ বছর ভিজিএফের প্রায় ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দেড় শ মেট্রিক টন চাল এসেছে ময়মনসিংহ সরকারি খাদ্যগুদাম থেকে এবং প্রায় ১০০ মেট্রিক টন চাল স্থানীয় মিলারদের কাছ থেকে সংগ্রহ করা। মিলারদের কাছ থেকে সংগ্রহ করা চালগুলো ভালো। কিন্তু ময়মনসিংহ থেকে সরবরাহ করা চাল দুর্গন্ধযুক্ত। আদারভিটা ইউপির চেয়ারম্যান আলতাফুর রহমান বলেন, শুধু এ বছর নয়, ঈদ উপলক্ষে প্রতিবছরই গুদাম থেকে ভিজিএফের জন্য যে চাল দেওয়া হয়, তা পচা আর দুর্গন্ধযুক্ত থাকে। এ ছাড়া প্রতি বস্তায় দুই থেকে তিন কেজি করে চাল কম দেওয়া হয়। বহুবার খাদ্যগুদাম কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সাড়া পাইনি। প্রতিবছরই সরকারি নিয়মানুযায়ী চাল সংগ্রহ করি। কিন্তু অন্য উপজেলা থেকে সরকারিভাবে খারাপ বা নিম্নমানের চাল সরবরাহ করা হলে আমার করার কিছু থাকে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খাদ্যগুদাম থেকে খারাপ বা নিম্নমানের চাল দেওয়া হলে তা গ্রহণ না করতে সব ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই চাল গুদাম কর্মকর্তা ফেরত না নিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর পরও কোনো চেয়ারম্যান খারাপ চাল গ্রহণ করলে বা ফেরত না দিলে আমার করার কিছুই নেই।’