মাদারগঞ্জে নদী দখল ও খনন, মাছ চাষ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝাড়কাটা নদীর বিভিন্ন জায়গা দখল করে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানান, ঝাড়কাটা নদীটি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে। প্রাকৃতিকভাবে মাছের অভয়ারণ্য হওয়ায় আগে এই নদী ইজারা দেওয়া হতো। গ্রামের সাধারণ লোকজনও নদী থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্রায় ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবছর শুকনা মৌসুমে খননযন্ত্র (শ্যালো ইঞ্জিনচালিত মেশিন) বসিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন করছেন। আর মাটি নদীতে ফেলছেন। এতে নদী নাব্যতা হারাচ্ছে। তবে দখলদারেরা মাছ চাষ করে বেশ লাভবান হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ভাংবাড়ি ও ধলিরবন্ধ গ্রামের প্রায় ২০ জন লোক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এক থেকে দেড় একর পর্যন্ত খনন করে বাঁধ দিয়ে এবং জাল ফেলে বেড়া দিয়েছেন। সেখানে তাঁরা মাছ চাষ করেন।
নদীর দুই পারের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল হাইয়ের নেতৃত্বে ভাংবাড়ি ও ধলিরবন্ধ গ্রামের লোকজন মাছ চাষ করছেন। এ জন্য কোনো ইজারা নেওয়া হয় না। স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তাকে হাত করেই এভাবে মাছ চাষ করা হচ্ছে। প্রতিবছর তাঁরা কমপক্ষে ১৫ লাখ টাকার মাছ বিক্রি করেন।
গ্রামবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, দখলদারেরা গ্রামের সাধারণ মানুষকে নদীতে মাছ ধরতে দেন না। মাছ ধরতে গেলে তাঁরা ইউপি সদস্য আবদুল হাইয়ের ভয় দেখিয়ে গালমন্দ করেন। এ নিয়ে মাঝেমধ্যে গ্রামবাসী ও দখলদারদের মধ্যে ঝগড়াবিবাদের সৃষ্টি হয়।
ইউপি সদস্য মো. আবদুল হাই বলেন, ‘আমি নদী দখল করিনি। প্রতিবার নদী শুকিয়ে গেলে আমার জায়গায় খননযন্ত্র বসিয়ে কিছু খনন করা হয়। সেখানে মাছ চাষ করি। জাল দিয়ে ঘেরাও না করলে অন্যের জমিতে মাছ চলে যেতে পারে।’
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বলেন, ‘যখন নদী শুকিয়ে যায়, ঠিক ওই সময় বেশ কয়েকজন মিলে মাছ চাষ করেন। ইজারা নেওয়ার মতো নয়। তাঁরা যাঁর যাঁর জায়গা দখল ও খনন করে মাছ চাষ করেন। একবার আমিও শেয়ারে ছিলাম।’ উপজেলা মৎস্য কার্যালয়ের মাঠ তত্ত্বাবধায়ক আবদুর রশিদ বলেন, ‘শুনেছি এলাকার কিছু প্রভাবশালী লোক নদীতে বাঁধ দিয়ে এবং জাল ফেলে ঘেরাও করে মাছ চাষ করেন। আর এলাকার মানুষকে মাছ ধরতে না দেওয়াটাও অন্যায়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার পাল বলেন, ‘অনুমতি ছাড়া নদীতে মাছ চাষ দণ্ডনীয় অপরাধ। আর মৎস্য বিভাগকে ম্যানেজ করার বিষয়টি সঠিক নয়। আমি আজই শুনলাম যে ঝাড়কাটা নদীতে মাছ চাষ করা হয়।’