মাদারগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব শুখনগড়ি গ্রামের মাছচাষি মমিনুর রহমানের একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মমিনুর রহমান দাবি করেছেন। এ ব্যাপারে মমিনুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে তোতা মিয়াকে প্রধান আসামি করে তিনজনের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে বিষের আলামত জব্দ করেছে।জানা গেছে, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব শুখনগড়ি গ্রামের মমিনুর রহমান তাঁর বাড়িসংলগ্ন নিজের পুকুরে নয় বছর ধরে মাছের চাষ করে আসছেন। এর এক মাস আগে তার পাঁচ হাজার টাকা মূল্যের একটি বড় খাসি ঘর থেকে চুরি করেছিল ওই সন্ত্রাসীরা। গ্রামের মাতবরেরা খাসি চোরকে সালিসের মাধ্যমে বেরও করে দেন। এরই জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।