জামালপুরের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারে দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন। উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী প্রমুখ। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার রাতে বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার জোনাইল গ্রামের আফসার আলীর সঙ্গে দুদু মিয়ার (৫৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আফসারসহ ৮-১০ জন লোক দুদু, তাঁর স্ত্রী ও সন্তানদের লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এলাকাবাসী দুদুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গত রোববার রাতে তিনি মারা যান। দুদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝাড়ুদার ছিলেন। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আফসার ও তাঁর পক্ষের কাউকে পাওয়া যায়নি।